এর আগে তিনি হুমকি শানিয়েছিলেন যে তৃণমূলের (TMC) যদি কেউ সমালোচনা তাহলে এলাকা ছাড়া করা হবে। এবার ফের একবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy)। এখন আবার নানান সভা-সমাবেশ থেকে বিজেপি নেতারাও হুমকি দিচ্ছেন। এর পাল্টা হিসেবে এবার দিলীপ ঘোষ (Dilip Ghosh) ও সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar) একযোগে আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ।
আজ, রবিবার সুকান্ত মজুমদারকে দিলীপ ঘোষের সঙ্গে তুলনা করেও আক্রমণ শানান তৃণমূলের বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন, “নিজেদের নিয়ন্ত্রণ না করলে কেউ জুতোপেটা করলে দুঃখ করবেন না। কয়েকটা বাঁদর আছে বিজেপি করে। দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার নাম। আগে দিলীপ ঘোষ অশিক্ষিত ছিলেন। ক্লাস এইট পাশ। ফিটার মিস্ত্রি। আমি ভাবতাম যে ও যা ইচ্ছে তাই বলুক। কিন্তু এখন দেখছি সুকান্ত মজুমদার, সে বোটানির অধ্যাপক হয়েও সমান উগ্র কথা বলছে”।
তাঁর সংযোজন, “সিপিআইএম, বিজেপি আর কংগ্রেসের যদি কেউ থাকেন, তাঁদের আমি হুঁশিয়ারি দিয়ে এই ডানলপের মোড়ে থেকে বলে যাচ্ছি, এখানকার তিনবারের সাংসদ হিসেবে, যে আপনারা যদি নিজেদের নিয়ন্ত্রণ না করেন, তাহলে যদি আপনাদের কেউ জুতোপেটা করে, আপনারা দুঃখ করবেন না। আপত্তি করবেন না”।
এদিন দুর্নীতি নিয়েও সুর চড়িয়েছেন সৌগত রায়। পার্থ-অনুব্রত প্রসঙ্গে তিনি বলেন, “যার বিরুদ্ধে দুর্নীতির স্পষ্ট অভিযোগ, প্রমাণ আসবে, যেমন পার্থর ক্ষেত্রে এসেছিল, তার তৃণমূল কংগ্রেসে জায়গা হয় না, হতে পারে না, হবে না”। এখন বিজেপি, সিপিআইএম এই ইস্যু নিয়ে রাস্তায় নেমেছে।
বলে রাখি, এর আগে সমালোচকদের পিঠের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি করার কথা বলে বিতর্কে জড়িয়েছিলেন সৌগত রায়। তিনি বলেছিলেন, “যারা আমাদের বেশি নিন্দা করছে এরপর আমি বলব, তৃণমূলের সমালোচকদের গায়ের চামড়া দিয়ে পায়ের জুতো তৈরি হবে। তার জন্য অপেক্ষা করুন”।
এর পাল্টা দিলীপ ঘোষ বলেন, “কেউ কেউ বলছেন, আমাদের পিঠের চামড়া গুটিয়ে নাকি জুতো বানাবেন। মাস্টারমশাইয়ের জুতো ছিঁড়ে গিয়েছে নাকি? কেউ বলছে বদলা নেব। এসবের হিসেব হবে। সুদে আসলে হিসেব হবে। কার চপ্পল জুতো চাই, কার বদলা চাই, পাবলিক দিয়ে দেবে। একটা মারও বাইরে পড়বে না”।





