এবার হবে কচুরিপানা থেকে শিল্প! কর্মসংস্থানের নয়া পথ খুঁজে বের করে রাজ্যে নতুন শিল্পের ঘোষণা করলেন ফিরহাদ হাকিম

বিগত বহু বছর ধরেই রাজ্যে নানান শিল্প টানার চেষ্টা করছে রাজ্য সরকার। তবে একাধিকবার ব্যর্থতার মুখ দেখেছে শাসক দল। এই নিয়ে বিরোধীরাও কম তোপ দাগতে ছাড়ে নি শাসক দলকে। তবে রাজ্য সরকারের কথায় রাজ্যে শিল্প টানতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে আর আগামী কিছু বছরের মধ্যেই শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে শীর্ষস্থান দখল করবে বাংলা। এবার ফিরহাদ হাকিম বাতলে দিলেন নতুন এক শিল্প।

‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বেশ কিছু মন্তব্য তুলে ধরেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর দাবী, “এবার কচুরিপানা থেকে শিল্প গড়ে তোলা হবে। রাজ্যের পরিকল্পনা অনুযায়ী, কচুরিপানা থেকে তন্তু বের করার মাধ্যমে তৈরি করা হবে শিল্পের সামগ্রী”।

জানা গিয়েছে, ইতিমধ্যেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতর এমএসএমই দ্বারা উদ্যোগ নেওয়া হয়েছে। ফিরহাদের কথায়, “উত্তর ২৪ পরগণায় কয়েকটি কারখানাও তৈরি করা হয়েছে। এর মাধ্যমে পরবর্তী সময়ে এই শিল্প যথেষ্ট নজর কাড়বে”।

সাম্প্রতিককালে কলকাতার নানান পুকুরে কচুরিপানার উপদ্রব খুবই বেড়েছে। এর জেরে একদিকে যেমন দূষণ ছড়াচ্ছে, তেমনই আবার বাড়ছে ডেঙ্গি, ম্যালেরিয়ার প্রকোপও। এই  নিয়ে বারবার নানান অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “পরিবেশ রক্ষা করার পাশাপাশি কচুরিপানা থেকে শিল্প গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য। শহরে যে সকল জলাশয় রয়েছে, তা রক্ষা করতে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। এক্ষেত্রে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগ যাতে না ছড়িয়ে পড়ে, সেদিকে যেমন আমাদের নজর রয়েছে; ঠিক তেমন ভাবে কচুরিপানা তুলে সেগুলি কারখানায় দেওয়া হয়ে চলেছে। এগুলি থেকেই শিল্প সামগ্রী তৈরি করা হবে”।

তিনি আরও বলেন, “কচুরিপানা থেকে শিল্প গড়ে তোলার পাশাপাশি মৎস্য দফতর এবং স্থানীয় ক্লাবগুলির কাছেও জলাশয়তে মাছ চাষ করার বিষয়ে প্রস্তাব দিয়েছি আমরা। ফলে সব মিলিয়ে জলাশয়গুলি রক্ষার মাধ্যমে শিল্প গড়ে তোলাই সরকারের লক্ষ্য”।

রাজ্যের মন্ত্রী এদিনের এই অনুষ্ঠানে এও বলেন যে কলকাতার রাস্তার অবস্থা অতীতের চেয়ে এখন অনেক ভালো হয়েছে। তাঁর কথায়, “অতীতে রাস্তার যে পরিস্থিতি ছিল, তার তুলনায় বর্তমানে অনেক উন্নতি হয়েছে। তবে যে সকল রাস্তার পরিস্থিতি এখনো পর্যন্ত খারাপ, সেগুলিতে আমাদের নজর রয়েছে। এছাড়াও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাতে তৎপর রয়েছে সরকার”।

RELATED Articles