‘কুণাল ঘোষই ইডি-সিবিআইকে সব তথ্য দিচ্ছে’, বিস্ফোরক দাবী বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-র, পার্থ-অনুব্রতর গ্রেফতারির নেপথ্যে কী কুণালের হাত?

এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC scam case) জেরে আপাতত প্রেসিডেন্সি জেলে ঠাঁই হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। অন্যদিকে, আবার গরু পাচার কাণ্ডে (cattle smuggling case) সিবিআই গ্রেফতার করেছে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। নানান ঘটনার জেরে বেশ চাপের মুখে শাসক দল। ইডি বা সিবিআইয়ের এই অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে বিজেপিকে তোপ দেগেছে তৃণমূলও। এবার এক বিস্ফোরক দাবী করে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra Khan) বললেন যে কুণাল ঘোষই (Kunal Ghosh) নাকি ইডি-সিবিআইয়ের কাছে সব তথ্য দিচ্ছেন।

আজ, স্বাধীনতা দিবসের দিন সকালে বিজেপি সাংসদ বলেন, “তৃণমূলের সরষের মধ্যেই ভূত রয়েছে। কুণাল ঘোষই ইডি-সিবিআইয়ের কাছে সব তথ্য দিচ্ছেন”। তাঁর কথায়, “কুণালবাবুকে ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা গিয়েছিল। তারপর সব তথ্য ইডি-সিবিআইকে দিয়েছেন”।

কিন্তু এবার প্রশ্ন উঠতেই পারে যে তৃণমূলের নেতা হয়ে কুণাল ঘোষ কেন তৃণমূল নেতাদেরই সমস্ত তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের দেবে? এই স্বপক্ষে যুক্তি দিয়ে বিষ্ণুপুরের সাংসদ বলেন যে কুণাল ঘোষ যখন জেলে বন্দি ছিলেন, সেই সময় তৃণমূলের নেতারা বাইরে সেলিব্রেশন করেছেন। সেই কারণেই কুণাল ঘোষ এমন পদক্ষেপ নিয়েছেন। সৌমিত্রের কথায়, “তৃণমূলের কোন নেতা কবে গ্রেফতার হবে, তা কুণালবাবুর ভাল জানা আছে”।

এই নিয়ে বিজেপি সাংসদকে পাল্টা দিতে ছাড়েন নি কুণাল ঘোষ। তাঁর কথায়, “সৌমিত্র খাঁ’র কথার গুরুত্ব দেওয়া আর সার্কাসের জোকারকে সিরিয়াস নেওয়া একই। উনি হচ্ছেন নিপাট বিনোদন। রাজনীতির ক্লাসে যারা ১-২-তে পড়েন, তারা এইসব অনেক কিছু বলেন। গুরুত্ব দেওয়ার কারণ নেই”। কুণাল ঘোষ আরও বলেন, “ওঁর স্ত্রী দক্ষ। যার জন্য উনি জিতেছিলেন। যে লক্ষ্মী রাখতে পারে না ঘরে, সে তো লক্ষ্মীছাড়া। সন্দেহের বাতাবরণ করে লাভ নেই”।

উল্লেখ্য, বিগত কিছুদিনে নানান দুর্নীতির জেরে বেশ জেরবার অবস্থা রাজ্য সরকারের। একাধিক তৃণমূল নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে নানান দুর্নীতিতে। এসএসসি দুর্নীতিতে নাম জড়িয়েছে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরেশ অধিকারীর। পার্থ চট্টোপাধ্যায় আপাতত প্রেসিডেন্সি জেলে। আবার গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল।

RELATED Articles