স্কুলে এসে পড়াশোনা নয়, বাজারে যায় ছোট্ট পড়ুয়ারা, ‘ওদের হিসেব শেখাতে চেয়েছিলাম’, ধরা পড়তেই সাফাই শিক্ষকের

স্কুলে বাচ্চারা যায় পড়াশোনা করতে। হিসেব-নিকেশ শেখাটা পড়াশোনার অঙ্গ বটে তবে তা খাতায়-কলমে শেখালেই তো হত। এর জন্য ছোট্ট ছোট্ট পড়ুয়াদের বাজার করতে পাঠানো কী খুব দরকার ছিল! মা-বাবারা অনেক স্বপ্ন নিয়ে সন্তানদের স্কুলে পাঠান যাতে তারা ভালোভাবে পড়াশোনা করতে পারে। কিন্তু সেই পড়ুয়ারা স্কুলে গিয়ে কী করছে? না, বাজার করতে হচ্ছে তাদের।

কী ঘটেছে ঘটনাটি?

অদ্ভুত এক ঘটনা ঘটেছে কাটোয়া-২ ব্লকের শ্রীবাটি পঞ্চায়েতের নতুনগ্রাম স্কুলে। জানা গিয়েছে, ওই স্কুলে পড়ুয়া সংখ্যা মোটামুটি ৪০ জন। এই স্কুলের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হলেন সুমন ঘোষ। অভিযোগ, তিনি নিয়মিত স্কুলে দেরি করে আসেন। সময়মত স্কুল না খোলার কারণে স্কুলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় পড়ুয়াদের।

শুধুমাত্র দেরিই নয়। স্কুলে এসে আবার পড়ুয়াদের পিঠ থেকে স্কুলের ব্যাগ খুলে তাদের হাতে বাজারের ব্যাগ ধরিয়ে দেন প্রধান শিক্ষক। অভিযোগ, পড়ুয়াদের দিয়েই মিড ডে মিলের উপকরণ কিনতে পাঠান তিনি। এই নিয়েই ক্ষোভে ফেটে পড়লেন এলাকাবাসী ও পড়ুয়াদের অভিভাবকরা। ধরা পড়তেই ওই শিক্ষকের সাফাই, পড়ুয়ারা যাতে বাজার করা শেখে, সেইজন্য তিনি তাদের দিয়ে এ কাজ করিয়েছেন। পড়ুয়াদের বাড়ির লোকদের কথায়, সে কাজ শেখানোর জন্য পরিবার রয়েছে। শিক্ষক পড়ুয়াদের শিক্ষাটুকু দিলেই হবে।   

এই ঘটনায় এক স্থানীয় বাসিন্দা বলেন, “এই মাস্টারমশাইয়ের ব্যবহার খুব খারাপ। সবার সঙ্গেই উনি ঝামেলা করেন। ওনার হাবভাবই অন্যরকম। কোনও কথা গ্রাহ্য করেন না উনি। আগে কখনও এমন মাস্টারমশাই দেখিনি এই স্কুলে। আমি নিজেই এই স্কুলের প্রাক্তনী। কখনও এত বাজে ব্যবহার কারও দেখিনি”।

কী সাফাই অভিযুক্ত শিক্ষকের?  

অভিযুক্ত শিক্ষক সুমন ঘোষ এই প্রসঙ্গে বলেন, “আমি আগেও স্বীকার করেছি যে এটা জানা ছিল না বাচ্চাদের স্কুলে পাঠানো যায় না। আমি নিজের সন্তানের মতো মনে করি ওদের। ওরা হিসাবপত্র শিখবে ভেবেই পাঠিয়েছিলাম। আর বাজার এমন দূরেও নয়। এটা আমার ভুল হয়েছে। এতটা সিরিয়াস ব্যাপার হবে বুঝতে পারিনি। কিন্তু আমার উদ্দেশ্য ছিল ওরা বাজার করাটা শিখুক”।

আরও অন্যান্য খবর