আগামী ২২ জানুয়ারি রয়েছে অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। ওইদিন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অর্ধদিবস ছুটি পাবেন। এবার রাজ্যেও রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে ছুটি দেওয়ার দাবী উঠল। ২২ জানুয়ারি রাজ্যে পূর্ণ দিবস ছুটির দাবী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
মমতাকে দেওয়া চিঠিতে সুকান্ত লিখেছেন, “চলতি বছরের জন্য আপনার বিশেষ অধিকারে একটি বাড়তি ছুটি উপহার দিন রাজ্যবাসীকে। এ বিষয়ে আমি আপনার সদুত্তর প্রার্থনা করি”।
চিঠিটি সোশাল মিডিয়ায় পোস্ট করে সুকান্ত লিখেছেন, “পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি লিখিত অনুরোধ করেছি যেন উনি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে আগামী ২২ জানুয়ারি ২০২৪-এর পবিত্র দিনে সরকারিভাবে ছুটি ঘোষণা করেন। এর ফলে বাংলার নতুন প্রজন্ম ভারতের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে উঠতে পারবে এবং তাদের মন ভারতীয় গরিমায় প্লাবিত হবে”।
উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে আগামী ২২ জানুয়ারি অর্থাৎ রামমন্দিরের উদ্বোধনের দিন অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। সেদিন কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, নানান হাইকোর্ট, নানান কেন্দ্রীয় মন্ত্রক অর্ধদিবস ছুটি থাকবে। উত্তরপ্রদেশে ওইদিন পূর্ণ দিবস ছুটির ঘোষণা করা হয়েছে। এছাড়াও, আরও চার বিজেপি শাসিত রাজ্যও সেই একই পথ অবলম্বন করেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের আর্জিতে সাড়া দেন কী না, সেটাই দেখার।
অন্যদিকে আবার রামমন্দির উদ্বোধনের দিনই অন্য এক কর্মসূচি নিয়েছে তৃণমূল। এদিন রাজপথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সংহতি যাত্রা’ করবেন তিনি। ওইদিন হাজরা থেকে পার্ক সার্কাস এই সংহতি যাত্রার ফাঁকে মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংহতি যাত্রা শেষে একটি সভাও হবে পার্ক সার্কাসে।
জানা গিয়েছে, সেই মঞ্চে রাজনীতির কোনও মুখকে দেখা যাবে না। সেখানে থাকবেন নানান ধর্মের গুরুরা। ইতিমধ্যেই বিজেপি এই কর্মসূচির বিরোধিতা করেছে। এই সংহতি যাত্রার বিরোধিতায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে যে শর্তসাপেক্ষে এই সংহতি যাত্রা করতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!