BREAKING: সারদা মামলায় টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু, অবশেষে কেন্দ্রীয় সংস্থার উদ্যোগে টাকা ফেরত পেতে চলেছেন আমানতকারীরা

সারদা কাণ্ড ঘটে যাওয়ার পর কেটে গিয়েছে ন’বছর। এতদিন লগ্নিকারীদের একটাই প্রশ্ন ছিল যে সারদায় বিনিয়োগ করা টাকা কী আদৌ তারা ফেরত পাবেন। তবে শেষমেশ এবার তা সম্ভব হতে চলেছে। শুরু হল সারদা মামলায় টাকা ফেরানোর প্রক্রিয়া।

জানা গিয়েছে, কেন্দ্রীয় সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের উদ্যোগেই এই প্রক্রিয়া সম্ভব হচ্ছে। এই সংস্থার তরফে জানানো হয়েছে তারা সারদা চিটফান্ডের সাতটি সম্পত্তি একত্র করেছে ও সেই সম্পত্তি বিক্রি করা হয়েছে। সেই সম্পত্তি দাম ধার্য হয়েছিল ৬৯ লক্ষ ৩৮ হাজার ৭৯৫ টাকা। তবে সেই সম্পত্তি নিলামের পর এর থেকে ১ কোটি ৩৩ লক্ষ ৭১ হাজার ১৩৫ টাকা পাওয়া গিয়েছে।

এই কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে এই টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে জমা রাখা হয়েছে। আরও জানা গিয়েছে যে এই কেন্দ্রীয় সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের নজরে আরও কিছু সারদার সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তিগুলিকেও একত্র করে নিলাম করা হবে বলে জানা গিয়েছে।

এরপর সেই এই টাকা সারদা চিটফান্ডে লগ্নিকারীদের ফিরিয়ে দেওয়া হবে। এছাড়াও, রাজ্য সরকারের তরফে যে শ্যামল সেন কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশন সারদার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে ২ কোটি ৩৯লক্ষ ৮৭ হাজার ৯৯৫ টাকা পায়।

এই নিয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে হলফনামা জমা দিয়ে জানিয়েছে যে বোর্ড যদি চায় তাহলে সেই টাকা লগ্নিকারীদের মধ্যে অবশ্যই ভাগ করে দিতে পারে। সেই টাকাকেও কেন্দ্রীয় সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ডের তরফে যে সারদায় লগ্নিকারীদের টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হবে, তার সঙ্গে যোগ করা যেতে পারে।

RELATED Articles