কিছুদিন আগেও তীব্র দাবদাহে পুড়ছিল বাংলা। আর এই গরমের মধ্যেই ঠাণ্ডা বিয়ার দিয়ে যে বেশ ভালোভাবেই গলা ভিজিয়েছে বঙ্গবাসী তা বিয়ার বিক্রির পরিমাণ থেকেই স্পষ্ট। এই গরমেই রেকর্ড সংখ্যক বিয়ার বিক্রি হয়েছে বঙ্গে। রাজ্যের আবগারি দফতর বিপুল লাভ করেছে। সূত্রের খবর, বিয়ারের চাহিদা এতটাই বেশি যে তা জোগান দিতে হিমশিম খাচ্ছে বিয়ার প্রস্ততকারক সংস্থাগুলি। এর জেরে রীতিমতো বিয়ারের সংকট দেখা দিয়েছে রাজ্যে।
আবগারি দফতর সূত্রে খবর, শুধুমাত্র এপ্রিল মাসেই রাজ্যে বিয়ার বিক্রি হয়েছে প্রায় ২৫ লক্ষ কেস। যা সর্বকালীন রেকর্ড। আর এর বিক্রির জেরে প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছে রাজ্য আবগারি দফতর।
হিসেব অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে সবথেকে বেশি সংখ্যক বিয়ার বিক্রি হয়েছিল। সেই অর্থবর্ষে বিয়ার বিক্রি হয়েছিল ১৮ লক্ষ কেস। কিন্তু এবার সেই রেকর্ডও কার্যত ভেঙে গিয়েছে। জানা গিয়েছে, গত অর্থবর্ষের এপ্রিলের তুলনায় চলতি এপ্রিলে দ্বিগুণ সংখ্যক বিয়ার বিক্রি হয়েছে। শুধুমাত্র বিয়ারই নয়, বিদেশি ম’দের বিক্রির পরিমাণও বেড়েছে এই অর্থবর্ষে। গতবারের তুলনায় বিদেশি ব্র্যান্ডের ম’দের বিক্রি ১০ শতাংশ বেড়েছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বিয়ারের চাহিদা অনুযায়ী রাজ্যে বিয়ারের জোগান নেই। গত বছরের বিক্রির কথা মাথায় রেখে এই বছর বিয়ার উৎপাদক সংস্থাগুলিকে অতিরিক্ত বিয়ার উৎপাদন করতে বলা হয়েছিল। কিন্তু এরপরও জোগান দেওয়া সম্ভব হচ্ছে না। নির্দিষ্ট ব্র্যান্ডের বিয়ারের সংকট দেখা দিয়েছে। এই কারণে ৩০ লক্ষ কেস বিয়ার উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবার।





