পুজোর সময়ও রাজ্যে বোমাতঙ্ক, ষষ্ঠীর পর সপ্তমীতেও মিলল ড্রামভর্তি বোমা, প্রবল চাঞ্চল্য এলাকায়

ষষ্ঠীতে তো উদ্ধার হয়েছিলই, এবার সপ্তমীতেও ফের রাজ্য থেকে মিলল বোমা। ঘনবসতিপূর্ণ এলাকা থেকেই উদ্ধার হল ড্রামভর্তি বোমা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

কী ঘটেছে ঘটনাটি?

পুলিশ সূত্রে খবর, গতকাল শনিবার অর্থাৎ সপ্তমীর দিন মুর্শিদাবাদের খড়গ্রামের রহিগ্রামে উদ্ধার হয়েছে একাধিক বোমা। জানা গিয়েছে, একটি খড়ের গাদার পাশেই ওই বোমাগুলো মিলেছে। এক গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি চালায় পুলিশ।

সেখানে একটি ড্রাম পাওয়া যায়। সেই ড্রামেই রাখা ছিল তাজা বোমা। বোমা উদ্ধারের কথা ছড়িয়ে পড়তেই এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা কী কারণে ওই বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। সব মিলিয়ে মোট ৩০টি বোমা উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার অর্থাৎ ষষ্ঠীর দিনও শামসেরগঞ্জে উদ্ধার হয়েছিল বোমা। বৃহস্পতিবার রাতে শামসেরগঞ্জ থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে যে খেজুরতলা এলাকায় একটি আমবাগানে ইতস্ততভাবে প্রচুর বোমা ছড়িয়ে পড়ে রয়েছে। এরপরই শুক্রবার সকালে সেই এলাকায় পৌঁছয় পুলিশ। দেখা যায়, খবর ঠিকই ছিল। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার করা হয় দুটি ব্যাগ। সেই ব্যাগে ছিল তাজা বোমা। কে বা কারা সেই বোমা সেখানে রেখেছিল তা তদন্ত চালাচ্ছে শামসেরগঞ্জ থানার পুলিশ।

বলে রাখি, পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই মুর্শিদাবাদের নানান এলাকা থেকে উদ্ধার হতে থাকে বোমা। জুলাই মাস থেকেই নিয়মিতভাবেই জেলা থেকে বোমা উদ্ধারের খবর মিলতে থাকে। কখনও বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয়েছে শিশুরা এমন ঘটনার নজিরও প্রচুর।

আরও অন্যান্য খবর