১ হাজার কোটি টাকা বিদেশী মুদ্রায় বদল, জেল হেফাজতের নির্দেশ শঙ্কর আঢ্যকে, ‘ভগবান বিচার করবেন’, বললেন শঙ্কর

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁকে। ইডি হেফাজত শেষে আজ, শনিবার তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে থাকবেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য।

রেশন দুর্নীতি মামলা ইডি হানা দেয় বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি। তাঁর শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হয়েছিল নগদ টাকা। গ্রেফতারির পর থেকে ইডি হেফাজতেই ছিলেন তিনি। আজ, শনিবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। এদিন শঙ্করের অসুস্থতার কথা জানিয়ে তাঁর আইনজীবী তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পক্ষ সওয়াল করলেও তা খারিজ হয়ে যায় আদালতে।

এদিন ব্যাঙ্কশাল আদালতের বিচারক শঙ্কর আঢ্যকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন। এদিন প্রেসিডেন্সি সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় তাঁকে। এই জেলেই রয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্যরা। এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের উদ্দেশে শঙ্কর আঢ্য বলেন, “ভগবান বিচার করবেন। যে চক্রান্ত করেছে, ঈশ্বর তার বিচার করবেন”।

এদিন আদালতে নিয়ে যাওয়া পথে নিজেকে বারবার ‘ষড়যন্ত্রের শিকার’ বলে দাবী করতে থাকেন শঙ্কর আঢ্য। এদিকে, তাঁর সিএ অরিবিন্দ সিংকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবী, তাঁকে জিজ্ঞাসাবাদ করে ২০১২-১৩ অর্থবর্ষ থেকে ২০২২-২৩ অর্থবর্ষের মধ্যে এক হাজার কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল সংক্রান্ত নানান তথ্য মিলেছে।

ইডি আধিকারিকদের দাবী, এস আর আঢ্য ফিনান্স প্রাইভেট লিমিটেডের মাধ্যমে বদল হয়েছে এই টাকা। আঢ্যর ফোরেক্স-সহ চারটি সংস্থার মাধ্যমে ৩৫০ কোটি টাকা বিদেশি মুদ্রায় বদল করেছেন। আবার হীরামতি এক্সপোর্ট নামে একটি সংস্থার মাধ্যমে বিদেশি মুদ্রায় বদল করা হয়েছে ১১৭ কোটি টাকা।

ইডির দাবী, এভাবেই দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে। এদিন আদালতে শঙ্করের আইনজীবী দাবী করেন, “ইডি এফিডেভিট দিয়ে বলুক এত কোটি টাকার যোগ পাওয়া গিয়েছে বা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা হয়েছে”। তবে এদিন শুনানির শেষে শঙ্কর আঢ্যকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।

RELATED Articles