শুভেন্দু অধিকারীর সমর্থনে মুখ খুললেন ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত। বললেন আমি শুভেন্দুর ফ্যান। ওঁ যা করেছে একেবারে ঠিক করেছে।
আর এই তৃণমূল বিধায়কের মুখে এহেন শুভেন্দু স্তুতি শুনে বিশেষজ্ঞ মহল মনে করছে মিহির গোস্বামীর পর হয়ত এই তৃণমূল বিধায়কও হয়তো বিজেপির ঝান্ডা হাতে তুলে নিতে পারেন। বিতর্ক জিইয়ে রেখে শীলভদ্র দত্ত বললেন, ‘ভবিষ্যৎই বলবে কোন দলে থাকব।’
শুভেন্দু’র দল ছাড়া প্রসঙ্গে তিনি বলেন শুভেন্দুর মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া রাজ্যের মানুষের স্বার্থে ক্ষতি বলে মনে করেন শীলভদ্র। তাঁর ব্যজস্তুতি, মুখ্যমন্ত্রীই ঠিক করেন মন্ত্রী কে হবেন আর কে থাকবেন। তবে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ভাল কাউকে পেয়ে গিয়েছেন।
চলতি মাসের শুরুতেই তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরকে নিশানা করে শীলভদ্র বলেছিলেন, ”একটা বাজারি কোম্পানি এখানে টাকা নিয়ে ভোট করাতে এসেছে। তারা বলছে ভোট করাবে। আমাকে রাজনীতির জ্ঞান দিচ্ছে। এই পরিবেশে আর মানিয়ে নিতে পারছি না।”
তবে কি বিজেপির পথে মুকুল ঘনিষ্ঠ শীলভদ্র? সরাসরি অস্বীকার করেননি তিনি। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বলেছেন, ভবিষ্যৎই বলবে কোন দিকে থাকব! দুই-এক দিনের মধ্যেই নিরাপত্তারক্ষী ছেড়ে দেবেন বলেও জানান শীলভদ্র।
মুকুল রায়ের বিজেপিতে যোগদানের পর অনেকেই ভেবেছিলেন তিনি বোধহয় মুকুলের পথেই হাঁটবেন। তবে তা করেননি। এবার বিধানসভা ভোটের আগে শীলভদ্র কি দলত্যাগ করবেন? তার উত্তর দেবে আসন্ন ভবিষ্যৎ।





