যেন সিনেমার দৃশ্য! জিটি রোডের উপর গাড়ি থেকে নেমে যুবককে শুটআউট, এলোপাথাড়ি গুলি করেই চম্পট দিল দুষ্কৃতীরা

যেন কোনও অ্যাকশন ফিল্মের শুটিং চলছে। হাইওয়েতে গাড়ি থেকে নেমে যুবককে এলোপাথাড়ি গুলি করেই চম্পট দিল দুষ্কৃতীরা। জিটি রোডের উপর এমন গুলিগালার ঘটনায় খানিকক্ষণের জন্য যেন সবকিছু থেমে গিয়েছিল। তদন্তে নেমে গাড়িটিকে বাজেয়াপ্ত করে পুলিশ। এক দুষ্কৃতীকে আটক করলেও বাকিরা পলাতক। ঠিক কী কারণে এই শুটআউটের ঘটনা, তা এখনও জানা যায়নি।

ঘটনাটি ঘটেছে আজ, মঙ্গলবার সকাল ৭টা ৪৫ নাগাদ। প্রত্যক্ষদর্শীদের কথায়, মেমারির দিক থেকে একটি বড় গাড়ি আসছিল। হুগলি-বর্ধমানের সীমানার কাছে জিটি রোডের উপর কোচমালি এলাকায় গাড়ি থেকে নামে একদল দুষ্কৃতী। এক যুবককে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। যুবকের পাঁজরে গুলি লাগে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। এরপরই গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

আকস্মিক এই ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে যান আশেপাশের লোকজন। স্থানীয়রা তড়িঘড়ি গুলিবিদ্ধ যুবককে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ তদন্তে নেমে জানতে পারে যে মৃত ওই যুবকের নাম উদয়ন বিশ্বাস, বয়স ৫০।

জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তি মেমারির বাসিন্দা। তাঁর পকেট থেকে তাঁর ড্রাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে। সেখান থেকেই তাঁর সম্পর্কে এই তথ্য পেয়েছে পুলিশ। কিন্তু কী কারণে তাঁকে এভাবে গুলি করে খুন করা হল, কোনও ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণ, এসব এখন খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের গাড়িটি বাজেয়াপ্ত করে এক দুষ্কৃতীকে আটক করলেও বাকিরা পলাতক।

RELATED Articles