‘একটা লাইন লিখে দেখাক তো’, মমতার মঞ্চ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ফ্যাসিস্ট বলে দাগলেন কবি সুবোধ সরকার

আজ, মঙ্গলবার ভাষা শহিদ দিবস। এদিন এই মঞ্চ থেকেই এবার নাম না করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Justice Avijit Ganguly) তুলোধোনা করলেন কবি সুবোধ সরকার (Subodh Sarkar)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লেখা কবিতা নিয়ে কটাক্ষ করায় বিচারপতিকে ফ্যাসিস্ট বলে দাগলেন তিনি।

এদিন ভাষা শহিদ দিবসের মঞ্চ থেকে একটি কবিতা পাঠ করেন কবি সুবোধ সরকার। কবিতার নাম ‘রাস্তার ধুলো’। কবিতাটি মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। কবিতা শুরুর আগে সুবোধবাবু বলেন, “এই কবিতা পাঠের আগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে আমার একটা প্রশ্ন আছে। যে প্রশ্নটা গত কয়েকদিন ধরে আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কেউ কি পারেন এটা বলতে, যে কোনও কবির লেখা কোনও লাইব্রেরিতে রাখা যাবে না? তিনি বিচারক হন আর যেই হন! আমি মনে করি এটা ফ্যাসিজম। এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাচ্ছি”।

প্রসঙ্গত, কিছুদিন আগে খিদিরপুরে মধুসূদন লাইব্রেরির এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কবিতার কটাক্ষ করেছিলেন তিনি। প্রশ্ন তুলেছিলেন যে এমন বই লাইব্রেরিতে কেন রাখা হবে!

আজ, মঙ্গলবার কবি সুবোধ সরকার তারই প্রতিবাদ করেন মমতার মঞ্চে দাঁড়িয়ে। তিনি যখন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম না করে তোপ দাগছেন, সেই সময় ওই মঞ্চে ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সুবোধ সরকার মমতার যে কবিতাটি পাঠ করেন, তার দুটি লাইন হল- “রাস্তাই আমার নিশানা। আমার আস্তানা। নেই কোনও জীবনের চিরস্থায়ী ঠিকানা। এই ভাবে কাজ করতে করতে হয়তো রাস্তার পাশেই আশ্রয় মিলবে। রাস্তার ধুলোই হোক ধুলোর মতো সার্থক। এই ধুলোতেই মিশে থাকবে অতি বাস্তব”।

এদিন কবিতা পাঠের পর কবি সুবোধ সরকার বলেন, “ধুলোর মতো সার্থক যিনি লিখতে পারেন, তাঁকে কিনা কটাক্ষ করা হচ্ছে! একজন বিচারক এই ছোট্ট লাইনটি শুধু একবার লিখে দেখাক”।

এদিনের ভাষা শহিদ দিবস মঞ্চে মুখ্যমন্ত্রী সঙ্গে সমসাময়িক অনেক কবি ও শিল্পীদের একসঙ্গে দেখা যায়। সুবোধ সরকার ছাড়াও এদিন মঞ্চে ছিলেন কবি জয় গোস্বামী ও কবি শ্রীজাত। শিল্পীদের মধ্যে ছিলেন সুরজিৎ, রূপঙ্কর প্রমুখ।

RELATED Articles