তিনি এক বিশিষ্ট সঙ্গীতশিল্পী, তাতে কোনও দ্বিমত নেই। যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তাঁর। তাঁর জীবনমুখী গান আজও সকলের মুখে মুখে ফেরে। কিন্তু তাঁর মেজাজ আর ভাষা প্রয়োগের জেরে মাঝেমধ্যেই নানান বিতর্কে জড়ান গায়ক। এবারও তেমনটাই হল।
অনুষ্ঠান তখন একেবারে জমজমাট। স্টেজে গান গেয়ে কাঁপাচ্ছেন নচিকেতা চক্রবর্তী। তাঁর গান শুনতে ভিড় চোখে পড়ার মতো। কেউ শিল্পীর গান মন দিয়ে শুনছেন তো কেউ একবার নিজের প্রিয় সঙ্গীতশিল্পীকে এক ঝলক দেখার জন্য আগ্রহে দাঁড়িয়ে। অনেকেই আবার সঙ্গীতশিল্পীকে এত কাছে পেয়ে ছবি তুলতে ব্যস্ত। এমন সময়ই স্টেজে থেকেই মেজাজ হারালেন নচিকেতা।
কী ঘটেছিল ঘটনাটি?
উত্তর ২৪ পরগনার খড়দহর সাংস্কৃতিক উৎসবে গিয়েছিলেন নচিকেতা চক্রবর্তী। তখন মঞ্চে নিজের জনপ্রিয় ‘বৃদ্ধাশ্রম’ গানটি গাইছিলেন তিনি। সেই সময়ই দর্শক আসনে বসে থাকা মানুষরা মোবাইলে তাঁর ছবি তুলছিলেন। সেটা দেখেই মেজাজ হারিয়ে ফেলেন সঙ্গীতশিল্পী।
আচমকাই গান থামিয়ে নচিকেতা বলেন, “সবাই মিলে ছবি তুলছিস কেন? এখানে তো ক্যামেরা রয়েছে। সবাই মিলে কেন ছবি তুলছ”? এরপরই দর্শক আসনের একজনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি কি অনুমতি দিয়েছি তোমায় তুমি যে ছবি তুলছ আমার”?
এখানেই শেষ নয়। নচিকেতা এবার বেশ আক্রমণাত্মক হয়েই বলেন, “এত ছবি তুলছ যে, ফটোগ্রাফার তুমি? এখনকার ছেলেমেয়েরা কোনও কাজ নেই। হাতে একটা… নিয়ে ঘুরে বেড়াচ্ছে। না করে পড়াশোনা। না লোকের কথা শোনে কিছুই করে না”। অ’শ্লী’ল ভাষাতেই দর্শকদের আক্রমণ করেন সঙ্গীতশিল্পী।
শুধুমাত্র দর্শকই নয়, এদিন উৎসব কমিটির সদস্যদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নচিকেতা। এর জেরে বন্ধ হয়ে যায় অনুষ্ঠান। এমন ঝামেলা চলার পর তা মেটে অবশেষে। কিছুক্ষণ পর কমিটির অনুরোধে ফের অনুষ্ঠান শুরু করেন জীবনমুখী গায়ক।





