৫০০ বছর পর রামলালা পেলেন অয্যোধ্যায় নিজের ঘর, আর ঝাড়গ্রামে নতুন জীবন পেল খুদে ‘রাম’

৫০০ বছর পর নিজের ঘর অয্যোধ্যায় ফিরেছেন রামলালা। অকাল দীপাবলি পালিত হচ্ছে অয্যোধ্যায়। একদিকে রামলালা যখন নিজের জন্মভূমিতে ফিরলেন, সেই সময়ই ঝাড়গ্রামে খুদে ‘রাম’ পেল নতুন জীবন যাকে তার জন্মদাতা ও জন্মদাত্রী আস্তাকুঁড়ের মতো ফেলে রেখে গিয়েছিল রাস্তায়। সেই খুদেকেই কোলে তুলে নিলেন এক দম্পতি।

ঠিক কী ঘটেছে ঘটনাটি?

সোমবার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে কংসাবতী নদীর সংলগ্ন এলাকায় যাচ্ছিলেন ঝাড়গ্রামের মানিকপাড়ার জয়পুর গ্রামের সমীর রায় ও তাঁর স্ত্রী ভারতী দেবী। গ্রামের কয়েকজন লোকও ছিলেন তাদের সঙ্গে। সেই সময় হঠাৎই ওই দম্পতি লক্ষ্য করেন নদীর চরে কাপড় ঢাকা দেওয়া কিছু একটা নড়াচড়া করছে।

কিছুটা যাওয়ার পর অস্ফুটে একটা কান্নার শব্দ পান তারা। বরফ জমার মতো ঠাণ্ডায় শিশুর কান্নার আওয়াজ পেয়ে ছুটে যান সকলে। তারা দেখেন ওই হাড়হিম করা ঠাণ্ডার মধ্যে কাপড়ের মধ্যে জড়ানো অবস্থায় পড়ে রয়েছে এক সদ্যোজাত শিশু। কিছু না ভেবেই শিশুটিকে পরম যত্নে আগলে বাড়ি নিয়ে যান ওই দম্পতি। একরত্তির শরীর গরম করে দুধ খাওয়ান তাকে। সদ্যোজাত একটি পুত্রসন্তান।

জানানো হল ওয়েল ফেয়ার কমিটিকে

এরপর খবর দেওয়া হয় মানিকপাড়া ফাঁড়িতে। পুলিশ, উদ্ধারকারী দম্পতি ও গ্রামের মানুষজন মিলে শিশুটিকে মানিকপাড়া নিবেদিতা কর্মমন্দির দত্তক হোমে নিয়ে যান। সেখান থেকে শিশুটিকে মানিকপাড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান হোম কর্তৃপক্ষ। জেলা চাইল্ড ওয়েল ফেয়ার কমিটিকে খবর দেয় ওই হোম। স্বাস্থ্যকেন্দ্রে হোমের পক্ষ থেকে প্রতিনিধি রয়েছে।  

রায় দম্পতি ওই শিশুটিকে দত্তক নিতে চাইছেন। জানা গিয়েছে, সমীরবাবু রাজমিস্ত্রি ও ছোটোখাটো ঠিকাদারির কাজ করেন। তাঁর একটি পাঁচ বছরের কন্যাসন্তান রয়েছে। সমীরবাবু জানান, “এদিন খুব ভোরে শিশুটিকে নদীর চড়ে আমরা পড়ে থাকতে দেখি। আমি এবং আমার স্ত্রী তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম। আজ খুব পবিত্র দিন। দেবতা রামের জন্ম দিন। আমাদের ঘরে রাম এসেছেন। আমরা চাই তাকে সন্তান হিসেবে বড় করে তুলতে”।

কী বলছে হোম কর্তৃপক্ষ?

এই প্রসঙ্গে নিবেদিতা কর্ম মন্দির দত্তক হোমের সম্পাদক দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন. “ওই দম্পতি শিশুটিকে উদ্ধার করেছে। বিভিন্ন পদ্ধতি মতো আমাদের হোমে এসেছে। আমরা শিশুটিকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে খবর দেওয়া হয়েছে। ওই দম্পতি চান শিশুটির নাম ‘রাম’ রাখা হোক এবং পাশাপাশি তাকে দত্তক দেওয়া হোক”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles