বিরোধীরা বারবার অভিযোগ তুলেছেন, সরকারের দেওয়া চাল, ডাল, ত্রিপল চুরি নিয়ে। সরকারের ত্রাণের জিনিস খোলাবাজারে বিক্রি হচ্ছে, এমন অভিযোগও তুলেছেন বিরোধীরা। এবার তেমনই এক ঘটনা ঘটল মালদহের মানিকচকে। সেখানে খোলাবাজারে বিক্রি হচ্ছে সরকারের তরফে ত্রাণের জন্য দেওয়া ত্রিপল।
বন্যা ও ভাঙনের সময় বিধ্বস্ত এলাকায় ত্রিপল দেওয়া হয় সরকারের তরফে। সেই ত্রিপলই চড়া দামে খোলাবাজারে বিক্রি হচ্ছে বলে অভিযোগ। আর আরও বড় অভিযোগ হল, সেই ত্রিপল বিক্রি করছেন স্থানীয় তৃণমূল নেতা তথা পঞ্চায়েত প্রধানের জামাই।
যে ত্রিপল বিক্রি করা হচ্ছে, তাতে বিশ্ব বাংলার লোগো রয়েছে। আর তা বিক্রি হচ্ছে বাজারে। জোড়া ত্রিপলের দাম ৭০০ টাকা। মানিকচকের উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান হলেন নাসির শেখ। অভিযোগ, তাঁর জামাই রেফাল শেখ সাইকেলে করে সেই সরকারের দেওয়া ত্রিপল খোলাবাজারে বিক্রি করছেন। ৭০০-৮০০ টাকায় বিকোচ্ছে সেই ত্রিপল।
হাটে আসা মানুষজন দরদামও করছেন সেই ত্রিপল দেখে। এই স্থানীয় বাসিন্দা জানান, তারা হাটে গিয়ে দেখেন সরকারি লোগো দেওয়া ত্রিপল খোলাবাজারে বিক্রি হচ্ছে। এই ত্রিপল কোথা থেকে এল, তা নিয়ে প্রশ্ন করলেও কোনও উত্তর মেলেনি।
কী বলছেন তৃণমূল নেতা?
অন্যদিকে, তৃণমূল উপপ্রধান নাসির শেখ বলেন, তিনিও এই বিষয়টি জেনেছেন। কিন্তু কীভাবে তাঁর জামাইয়ের কাছে এই ত্রিপল এল বা তিনি আদৌ তা বিক্রি করছেন কী না, তিনি সে বিষয়ে কিছুই জানেন না।





