নন্দীগ্রামে ৪০ শতাংশ ভোট মুসলিম ভোট বিজেপির হস্তগত হবে না বলে দাবি করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।
মেদিনীপুরে অমিত শাহের সভামঞ্চে বিজেপির পতাকা হাতে তুলে নেওয়া একদা তৃণমূলের বিশ্বস্ত সৈনিক শুভেন্দু অধিকারীকে মনে করিয়ে সৌগত বললে, ‘নন্দীগ্রামে ৪০ শতাংশ মুসলিম ভোট। জিতবেন কী করে! সংখ্যালঘুরা ভোট দেবে না। জিততে কষ্ট হবে।’ একই সঙ্গে তৃণমূলের বিশ্বস্ত এই সৈনিক বলেন ‘কোনও প্রভাব পড়বে না। আমরা গ্যাপ ভরাট করে নেব।’
প্রসঙ্গত, আজ দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় ২১ বছররে সম্পর্ক ছেড়ে পদ্মশিবিরে চলে যান শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গেই ঘর বদল করেন তৃণমূলের বিধায়ক সাংসদ সহ ১০ জন হেভিওয়েট।
বিজেপিতে পা রেখেই সুর বদল করেন শুভেন্দু অধিকারী। যে অমিত শাহ্’র বিরুদ্ধে এতদিন ধরে গলা ফাটাতেন এবার তাঁকেই ‘বড়ভাই’ বা ‘দাদা’ বলে সম্বোধন করেন শুভেন্দু। একইসঙ্গে সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী স্লোগান তোলেন, ‘তোলাবাজ ভাইপো হঠাও, বাংলাকে নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতেই হবে।’
বলেন, ‘আজকে পৃথিবীর সবচেয়ে বড় পার্টিতে যোগ দিলাম। জাতীয়তাবাদ, বহুত্ববাদ, দেশপ্রেমে বিশ্বাস করে এই দল। ‘বসুধৈব কুটুম্বকম’, ‘সর্বজন হিতায় সর্বজন সুখায়’ আদর্শ মেনে চলে।’
বাংলা জিততে মুখে থাকা অমিত শুভেন্দুকে পাশে পেয়ে দ্বিগুন উৎসাহে ফের একবার বিধানসভা ভোটে ২০০-রও বেশি আসন জেতার হুঁশিয়ারি দেন তিনি। বর্তমান মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, ‘ভোট যত এগিয়ে আসবে, দিদি, আপনি তত নিঃসঙ্গ হয়ে যাবেন।’
পাল্টা প্রতিক্রিয়ায় তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘অমিত শাহ মনে করেন টাকার জোরে, ক্ষমতার জোরে ২০০ আসনে জিতবেন! ভোটের ফল বেরোলেই বুঝতে পারবেন। তৃণমূলের জনভিত্তি আছে। শুভেন্দু বিশ্বাসঘাতকতা করেছে।’






