Amit Shah: ‘বহিরাগত’ নয়! পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনও ভূমিপুত্র, স্পষ্ট জবাব অমিত শাহের

বিজেপির হাত ধরেই পশ্চিমবঙ্গে পরিবর্তন আসতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বাংলারই কোনও ভূমিপুত্র বসবেন। আজ মেদিনীপুরে সভার শেষে একটি বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর সঙ্গে তিনি এও দাবী করেন যে আগামী বিধানসভা নির্বাচনে ২০০-এরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।

এদিন অমিত শাহ বলেন যে বাংলার বিজেপি কর্মীই মমতাকে হারাবেন, তারপর মুখ্যমন্ত্রীর আসনে বসবেন বাংলার এক ভূমিপুত্র। যদিও মুখ্যমন্ত্রীর মুখ প্রকাশ্যে না এনেই নির্বাচন লড়ার কথা জানিয়েছে বিজেপি। এদিনও শাহ নিজের বক্তব্যে বলেন যে পশ্চিমবঙ্গের শাসনভার নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হবে। নির্বাচনের পরই মুখ্যমন্ত্রীর মুখ প্রকাশ্যে আনবে বিজেপি দলীয় নেতৃত্ব।

বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম নিয়ে নানা মুনির নানা মত। ইতিমধ্যেই বেশ কয়েকটি নাম সামনে এসেছে। এর মধ্যে রয়েছে এক বিখ্যাত ক্রিকেটারের নাম, রাজ্য সভার এক সাংসদ, একজন কেন্দ্রীয় মন্ত্রীর নাম, ও রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসীর নাম।

এদিকে বিজেপিকে কোনওসময়ই ‘বহিরাগত’ বলতে কসুর করেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি, তাদের চম্বলের ডাকাত বলতেও পিছপা হননি তিনি। এর বিষয়ে এদিন শাহ বলেন যে, “তৃণমূলের আর হয়ত কিছু বলার নেই। তাই এসব বলছে”।

এদিন শাহ জানান যে, হিমাচল প্রদেশ, গুজ্রাত, উত্তরপ্রদেশ, কেরল, জম্মু ও কাশ্মীরের বিজেপি কর্মীরাও বাঙালিয়ানাকে সম্মান করেন। তিনি এ বলেন যে, “পশ্চিমবঙ্গে পরিবর্তন অবশ্যকর্তব্যে পরিণত হয়েছে। হিংসা ছড়ানো, ভাইপোকে মুখ্যমন্ত্রী করার মতো অনেক কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রীর পাঠানো বরাদ্দ তিনি পশ্চিমবঙ্গের গরিব কৃষকের কাছে পৌঁছতে দেবেন না”।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী দাবী করেন যে গত লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন পেয়েছে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলা থেকে ২০০-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে বিজেপির। বিজেপি কয়েকটি দল ইস্তাহার নিয়ে এই রাজ্যে কাজ করছে। জেলা ও গ্রামের সমস্যাগুলির দিকে নজর দেওয়া হচ্ছে। শাহের মুখে স্পষ্ট দাবী, আগামী  ৫ বছরের মধ্যে বাংলার উন্নয়নের রূপরেখা তুলে ধরবে বিজেপি।

RELATED Articles