সৌরভ গাঙ্গুলিই কী তবে সেই ‘ভূমিপুত্র”? আগামী নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কী দেখা মিলবে বাংলার মহারাজেরই? জল্পনা তুঙ্গে

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই রাজনৈতিক অন্দরে শুরু হয়েছে জল্পনা। আগামী নির্বাচনে আদৌ বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী প্রার্থী কে হবেন, এ নিয়ে শুরু হয়েছে ঘোর জল্পনা। যদিও বিজেপির তরফ থেকে বলা হয়েছিল যে নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ নিয়েই নির্বাচন লড়বে বিজেপি। ফলাফলের পর সিদ্ধান্ত নেওয়া হবে, মুখ্যমন্ত্রী কে হবেন। এই তালিকায় কিছুজনের মধ্যে নাল রয়েছে সৌরভ গাঙ্গুলিরও। বাংলা সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে মুখ্যমন্ত্রী হবেন বাংলারই কোনও ‘ভূমিপুত্র’। এরপর সৌরভই সেই প্রার্থী কী না, সে বিষয়ে আরও জল্পনা বেড়েছে।

এদিকে, সৌরভের মুখ্যমন্ত্রী প্রার্থী হওয়া নিয়ে বা তাঁর রাজনীতিতে প্রবেশ নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি স্পষ্ট জানান যে সৌরভ যদি রাজনীতিতে আসেন, তবে তিনি খুশি হবেন না। তাঁর মতে, সৌরভ গাঙ্গুলি একজন আদর্শ। বাংলা থেকে তিনিই একমাত্র এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হয়েছেন। তাছাড়া, সৌরভের রাজনীতিতে প্রবেশের বিরুদ্ধে যুক্তি খাড়া করে সৌগত রায় বলেন যে, সৌরভ গরীব মানুষের দুঃখ, সমস্যা বুঝবেন না, কারণ তিনি নিজের জীবনে কখনও দারিদ্র্য দেখেন নি। তাঁর এই কথার তীব্র সমালোচনা করেন বিরোধী দল ও জনগণ। বিরোধী দলের পাল্টা জবাব, তৃণমূলেও একাধিক বিনোদন জগতের মানুষ রয়েছে, তাই তাঁর এই যুক্তি ভিত্তিহীন।

অন্যদিকে, আগস্ট মাসে সৌরভ তৃণমূলের দেওয়া নিউটাউনের দুই একর জমি ফিরিয়ে দেন। সেই জমিতে স্কুল হওয়ার কথা ছিল। এরপর থেকেই সৌরভের বিজেপিতে যোগ দেওয়ার বিষয়টি নিয়ে আরও বেশি জলঘোলা হতে থাকে।

যদিও, বিসিসিআই-এর প্রেসিডেন্টের পক্ষ থেকে রাজনীতিতে যোগ দেওয়ার কথাকে স্বীকার করা হয়নি। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌’র সঙ্গে বাংলার দাদার আন্তরিকতা ও সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলির বিজেপি মহিলা মোর্চার দুর্গাপুজোতে নাচের অনুষ্ঠান, এসবই সৌরভের বিজেপতে যোগদানের বিষয়কে আরও বেশি উস্কে দেয়।

তবে সৌরভ গাঙ্গুলি যদি বিজেপিতেই নাম লেখান ও বিজেপির পক্ষ থেকে যদি তাঁকে মুখ্যমন্ত্রীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়, তবে বাংলায় দাঁড়িয়ে ‘দাদা’ ও ‘দিদি’-এর রাজনীতি মাঠে লড়াই বেশ উপভোগ্য বিষয় হবে বাংলার মানুষের জন্য। এবার সৌরভ গাঙ্গুলি বিজেপিতে যোগ দেন কী না, এখন সেদিকেই লক্ষ্য গোটা বাংলার।

RELATED Articles