কৃষক ক্ষোভ মেটাতে আসরে মোদী! বড়দিনে প্রায় ১৮ হাজার কোটি টাকা কৃষকদের বিতরণ করবেন তিনি

বড়দিনে কল্পতরু মোদী! নতুন কৃষি আইন নিয়ে দিল্লি সীমান্তে প্রায় একমাস কালীন চলা কৃষক বিক্ষোভকে দমন করতে এবার আসরে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যীশুর জন্মদিনে অর্থাৎ আগামী ২৫শে ডিসেম্বর কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন তিনি!
যে বিক্ষোভ মেটাতে পারেননি কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র আহ্বানেও কাজ হয়নি। এবার কৃষকদের সেই পুঞ্জিভূত ক্ষোভকেই মেটাতে আলোচনার বসার পথে প্রধানমন্ত্রী।
যদিও তিনি যে কোন‌ওভাবেই নতুন লাগু হওয়া কৃষি আইনে কোন‌ও রকম পরিবর্তন করবেন না তা আগেই জানিয়ে দিয়েছেন।
কৃষক আন্দোলনকে নিস্তেজ করতে প্রধানমন্ত্রী যে এবার খোদ আসরে নামবেন তা বোঝা গিয়েছিল যখন গত রবিবার তিনি হঠাতই চলে গিয়েছিলেন গুরুদ্বারে। নবম শিখগুরু তেগবাহাদুরকে শ্রদ্ধা জানিয়ে এসেছিলেন।
কৃষিমন্ত্রক সূত্রের খবর, প্রধানমন্ত্রী দেশের চার প্রান্তের কৃষকদের সঙ্গেই এই কিষাণ সম্মান নিধি প্রকল্প সম্পর্কে খোলাখুলি আলোচনা করবেন। এই প্রকল্পের ফলে তারা কী কী সুবিধা পেয়েছেন, তা শুনবেন। এমনকী নতুন কৃষি আইন নিয়েও তিনি কৃষকদের প্রশ্নের জবাব দেবেন বলে জানা গিয়েছে। সম্ভবত, এই প্রথম প্রধানমন্ত্রী কৃষি আইন নিয়ে সরাসরি কৃষকদের কথা শুনতে চাইলেন। স্বাভাবিকভাবেই অনেকেই আশা দেখছেন আগামী ২৫শে ডিসেম্বর কৃষক সমস্যার অনেকটা সমাধান হতে পারে।
তবে শুধু আলোচনায় বসাই নয়‌, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তির প্রায় ১৮ হাজার কোটি টাকা নিজের হাতে কৃষকদের মধ্যে বিতরণ করবেন প্রধানমন্ত্রী বলেও জানা যাচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০১৯ সালেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রকল্পের অধীনে কৃষকদের বছরে ৬ হাজার টাকা করে অর্থ সাহায্য করে কেন্দ্র। বছরে তিনবার ২ হাজার টাকার কিস্তিতে দেওয়া হয় সেই টাকা। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রথম এই কিস্তির টাকা নিজের হাতে কৃষকদের জন্য বরাদ্দ করেছিলেন প্রধানমন্ত্রী। এবারে ফের ২০২০ সালের শেষ কিস্তি নিজের হাতে বরাদ্দ করছেন মোদি। ঠিক যে সময়ে কৃষক বিক্ষোভে রাজধানী দিল্লি উত্তাল তখনই মোদীর নিজের হাতে এই অর্থ বরাদ্দ করাটা বেশ তাৎপর্যপূর্ণ।

RELATED Articles