ভোট আবহে নবান্নে হাজির সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতেই নবান্নে পৌঁছেছেন তিনি। কেন আচমকা নবান্নে গেলেন সৌরভ, তা জানা যায়নি। অনেকেই এতে রাজনৈতিক গন্ধ পাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুধুমাত্র দেখা করতেই নবান্ন গিয়েছেন দাদা, তা মানতে নারাজ অনেকেই।
লোকসভা নির্বাচন প্রায় দরজায় কড়া নাড়ছে। তারই মাঝে সৌরভের নবান্নের প্রবেশ একটি মুখ্য আলোচিত বিষয়। সম্প্রতি আরও এক গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দিয়েছেন। তার রাজনীতিতে যোগদান নিয়ে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগদানের খবর প্রকাশ্যে উঠে এসেছে।
দেশজুড়ে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে বিজেপি। বাংলাতেও সকলকে চমকে দিয়ে নতুন প্রার্থীকেই দলে নিচ্ছে গেরুয়া শিবির। সেদিক থেকে পিছিয়ে নেই তৃণমূলও। বাংলার ৪২টি আসনে প্রার্থী নির্বাচন নিয়ে চলছে আলোচনা। কোন জায়গা থেকে কোন প্রার্থী দাঁড়াবেন তা নিয়ে শেষ পর্যায়ের আলোচনা চলছে সব রাজনৈতিক দলগুলির মধ্যে।
ভোট বাজারের এই পরিস্থিতিতে বুধবার বিকেলে হঠাৎই নবান্নে পৌঁছে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক ভবনে যান তিনি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জাতীয় দলের প্রাক্তন অধিনায়কের বৈঠক চলেছে। প্রায় আধঘণ্টা তাঁদের মধ্যে কথোপকথন হয়। সাড়ে পাঁচটা নাগাদ নবান্ন ছেড়ে চলেও যান তিনি।
নির্বাচনের আবহেই আধ ঘণ্টার বৈঠক। কী আলোচনা হল দুজনের মধ্যে? সেই নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। মুখ খোলেন নিয়ে প্রাক্তন অধিনায়কও। মিডিয়াকে প্রায় কোন কথা না বলেই বেরিয়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি, জনপ্রিয় রিয়্যালিটি শো দিদি নম্বর ওয়ানের মঞ্চে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকে। মঞ্চে ছিলেন সৌরভ পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ও। বিনোদন জগতের অনেকেই আবার মনে করছেন সৌরভ সঞ্চালিত দাদাগিরিতে অংশ নেবেন মমতা। সেই সম্ভাবনাও নিখাদ মিথ্যা নয়।
উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে গুঞ্জন শুরু হয় যে বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। তার পরে অবশ্য একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছে সৌরভকে। তবে মহারাজা কোন দলেই যোগ দেননি। তবে কি লোকসভা ভোট আবহাওয়াই যোগ দেবেন ঘাসফুল শিবিরে। প্রশ্ন থেকেই যাচ্ছে, কেন গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে নবান্নে হাজির হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই বৈঠক প্রসঙ্গে এখন মুখ্যমন্ত্রী বক্তব্যের দিকে তাকিয়ে গোটা বাংলা।





