বাঙালি আবেগকে ঝোলায় ভরতে বছরভর পালন হবে নেতাজি জন্মজয়ন্তী! উচ্চপর্যায়ের কমিটিতে সৌরভ, কাজল থেকে এআর রহমান

নেতাজির ১২৫ তম জন্মজয়ন্তী। মহান এই স্বাধীনতা সংগ্রামীর জন্মবর্ষ গোটা বছর ধরে উদযাপন করার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছিল ভারত সরকার। জন্মজয়ন্তী পালন করার মধ্যে দিয়ে ভারতের প্রতি সুভাষ চন্দ্র বোসের দায়বদ্ধতা, দেশপ্রেম, অসম সাহসিকতা, ইংরেজ শক্তির বিরুদ্ধে বিপুল লড়াই, দৃপ্ত চেতনা, নেতৃত্ব, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাঁর তুলনাহীন কৃতিত্বকে  নত মস্তকে, বিনম্র চিত্তে স্মরণ করাই প্রধান লক্ষ্য।

এই জন্ম বর্ষ উদযাপন করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছিল ভারত সরকার। আজ শনিবার সেই কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হল কেন্দ্রের তরফে। সেই উচ্চপর্যায়ের কমিটিতে রাখা হয়েছে সৌরভ গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, সুব্রত ভট্টাচার্য, এ আর রহমানের মতো বিশিষ্টরা। এই কমিটির নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নিজেই। এছাড়া অমিত শাহ, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, নির্মলা সীতারমনের মতো কেন্দ্রীয় মন্ত্রীরাও রয়েছেন। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও রাখা হয়েছে কমিটিতে। এছাড়া ভারতীয় বায়ু সেনা প্রাক্তন প্রধান অরূপ রাহার নামও রয়েছে সেই কমিটিতে। রয়েছেন বিশ্বভারতীয়র উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এছাড়া বলিউড অভিনেত্রী কাজলকেও রাখা হয়েছে কমিটিতে।

উল্লেখ্য, আগামী এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভারতের এই দোর্দণ্ডপ্রতাপ স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। নেতাজির জন্মদিন অর্থাৎ ২৩ জানুয়ারি থেকেই এই উদযাপন শুরু হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক কালে বর্তমান কেন্দ্রীয় সরকার নেতাজিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যেমন, ইতিমধ্যেই সিদ্ধান্ত হয়েছে রেড ফোর্টে নেতাজি মিউজিয়ম করা হবে। যার কাজ শুরু হয়ে গিয়েছে। সব চেয়ে বড় কথা, নেতাজি সংক্রান্ত অপ্রকাশিত ফাইল জনসমক্ষে প্রকাশের সিদ্ধান্তও নিয়েছে ভারত সরকার।

চলতি বছরেই বাংলায় বিধানসভা নির্বাচন। আর এবারে বাংলায় পদ্ম ফোটাতে মরিয়া বিজেপি। কিন্তু বাংলায় তাঁদের একটাই কাঁটা। বহিরাগত তত্ত্ব। বিজেপির হাইকমান্ডে নেই সেইরকম কোন‌ও বাঙালি নাম। আর তাই বাঙালি আবেগকে ধরতে নিত্যই রাজ্যে আনাগোনা লেগে রয়েছে বিজেপি নেতাদের।

কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে একটি চিঠিও পাঠিয়েছিলেন। সেই চিঠির মূল কেন্দ্রে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, ২৩শে জানুয়ারি যেন জাতীয় ছুটি ঘোষণা করে কেন্দ্র। এছাড়া নেতাজির অন্তর্ধান রহস্যের ফাইল প্রকাশ করার দাবিও জানিয়েছিলেন তিনি। সেই চিঠির পরই নেতাজির ১২৫তম জন্মজয়ন্তী বছরভর পালন হবে বলে জানান প্রধানমন্ত্রী।

আরও অন্যান্য খবর