Sydney Test: মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরাহকে বর্ণবিদ্বষের অভিযোগ

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচ চলছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এই ম্যাচে অস্ট্রেলিয়া বেশ ভালো অবস্থানে রয়েছে। এরই মধ্যে ম্যাচের তৃতীয় দিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দর্শকদের দ্বারা ভারতীয় দলের পেস বোলার মহম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরাহকে বর্ণবিদ্বেষী মন্তব্য করার বিষয়টি প্রকাশ্যে এসেছে। এরপরে এই বিষয়টি নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ম্যাচ রেফারির কাছে অভিযোগ দায়ের করেছে।

সিডনি টেস্ট ম্যাচের দ্বিতীয় এবং তৃতীয় দিনে দর্শকরা এই দুই পেস বোলারকে নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য করেছিলেন। তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার পরে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তাদের ড্রেসিংরুমের বাইরে আইসিসি এবং স্টেডিয়াম সুরক্ষা কর্মকর্তাদের সাথে আলাপচারিতা করতে দেখা গেছে। এই কথোপকথনের সময় সেখানে উপস্থিত ছিলেন জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

এছাড়া দলের অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং অফস্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকেও এই বিষয়টি নিয়ে আম্পায়ার পল রিফিল এবং পল উইলসনের সাথে কথা বলতে দেখা গেছে। এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯৪ রানের একটি গুরুত্বপূর্ণ লিড নিয়েছিল এবং তৃতীয় দিনের শেষে তারা দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে ১০৩ রান করেছে। এখনও পর্যন্ত লিড রয়েছে ১৯৭ রানের। ম্যাচের তৃতীয় দিনে ভারতীয় দলের প্রথম ইনিংস ২৪৪ রানে শেষ হয়ে যায়।

RELATED Articles