দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে রেশন বিতরন ঘিরে উত্তেজনা, দুর্নীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দক্ষিণ ২৪ পরগনার চোরা ডাকাতিয়া গ্রামে পরিযায়ী শ্রমিক এবং গ্রামবাসীদের একাংশ রেশন বন্টন নিয়ে বিক্ষোভ করেন। এমনকি তাঁরা অভিযোগ করেছেন রেশন বণ্টনের ক্ষেত্রে চলছে স্বজনপোষণও। এলাকায় তৃণমূল সদস্যার স্বামীকে ঘিরে বিক্ষোভ করছেন পরিযায়ী শ্রমিকরা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ওই তৃণমূল নেত্রীর স্বামী।

দীর্ঘদিন ধরে রেশন পাচ্ছেন না পরিযায়ী শ্রমিক ও গ্রামবাসীদের একাংশ। এই নিয়ে ভুমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের সদস্য অরুণা মন্ডলের স্বামী বাসুদেব মন্ডলের বিরুদ্ধে স্বজনপোষণের আরোপ এনেছেন গ্রামবাসীরা। অন্যদিকে তৃণমূলের তরফে জানানো হয়েছে বিডিও অফিস থেকে যে নামের তালিকা পাঠানো হয়েছে তার ভিত্তিতেই রেশন দেওয়া হচ্ছে। যাদের নাম এই তালিকায় নেই তাদের রেশন দেওয়া হচ্ছে না। তবে যাদের নাম নেই তাদের জন্য ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন ওই তৃণমূল নেতা।

এক গ্রামবাসীর বক্তব্য, “লকডাউনের পর অনেক পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে এসেছেন। তাঁদের জন্য সরকার রেশনও বরাদ্দ করেছে। কিন্তু আমাদের পঞ্চায়েত সদস্য অরুণা মন্ডল নিজের ইচ্ছামতো তালিকা তৈরি করে সেই চাল বিতরণ করছেন। আর সেই তালিকা থেকে পরিযায়ী শ্রমিকদের নাম সরিয়ে দেওয়া হয়েছে। তাঁরা আজ শুধু নিজেদের লোকের মধ্যে ওই চাল বিতরণ করছে। তাই আমরা চাল বিতরণ বন্ধ করে দিয়েছি।”

গ্রামবাসীদের একাংশের বক্তব্য, পরিযায়ী শ্রমিকদের জন্য বরাদ্দ চাল যেন তাঁরাই পায়। আর গ্রামবাসীদের জন্য যে চাল বরাদ্দ আছে তাই সবাইকে দিতে হবে। গ্রামবাসীরা বলেন,” আমরা জানতে চেয়েছিলাম আমাদের জন্য কত চাল রয়েছে। কিন্তু ওরা কোনো উত্তর দেয়নি। আজ এখানে চাল বিলি হবে শুনে এখানে সব গ্রামবাসীরা একত্র হয়েছি। যদি এই চাল সবাইকে দিতে হয় তবে আলোচনার মাধ্যমে সবাইকে সমপরিমান চাল দিতে হবে।”

RELATED Articles

Leave a Comment