অভিনেত্রী দেবশ্রী রায়ের বিরুদ্ধে এবার ষড়যন্ত্রের অভিযোগ আনলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। অভিনেত্রীকে আইনি নোটিশ ধরালেন তিনি। তাঁর অনুমতির না নিয়েই তাঁর ছবি পোস্ট করেছেন অভিনেত্রী, এমনটাই অভিযোগ শোভনের।
জানা গিয়েছে, সম্প্রতি দেবশ্রী রায়ের প্রোফাইল থেকে কিছু ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে একই সঙ্গে দেখা গিয়েছে শোভন ও দেবশ্রীকে। ছবির ক্যাপশনে আবার শোভনের মেয়র পদের উল্লেখও করা রয়েছে।
আর এখানেই আপত্তি জানিয়েছেন শোভন। তাঁকে না জানিয়ে, তাঁর পারিবারিক অনুষ্ঠান সহ আরও নানা ধরনের ছবি কেন এভাবে পোস্ট করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শোভনের দাবী, এই ছবিগুলোকে ২০১৭, ২০১৮ বা ২০১৯ সালের পরে দেখানো হলেও, আদতে পোস্টগুলি আরও অনেক পুরনো। এতে ষড়যন্ত্রের ছায়া দেখছেন শোভন।
বলে রাখি, এর আগে ২০২১ সালে মানহানির মামলা করেছিলেন দেবশ্রী রায়। একটি সভা থেকে দেবশ্রী প্রসঙ্গে শোভন অযোগ্য বলে মন্তব্য করেছিলেন। এরপরই মানহানির মামলা হয়। সেই সময় দেবশ্রীর পাশে রত্নাকে দেখা গিয়েছিল।
সেই সময় রত্না জানিয়েছিলেন যে দেবশ্রী তাঁর ও শোভনের অনেক পুরনো পারিবারিক বন্ধু। অন্যদিকে আবার, শোভনের সঙ্গে গলা মেলাতে দেখা গিয়েছিল বান্ধবী বৈশাখী বন্দ্য়োপাধ্যায়কে। এবার ফের আইনি লড়াইয়ের মুখোমুখি শোভন-দেবশ্রী।





