‘কোনও প্রভাব পড়বে না, সৌগতকে ঠিক জিতিয়ে আনবই’, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারিতে বললেন শোভনদেব

রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর সেই গ্রেফতারির প্রতিবাদে রাজ্যজুড়ে মিছিল করছে তৃণমূল। তবে সেই মিছিলে যোগ দিতে পারেন নি রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে এবার মুখ খুললেন তিনি।

কী বললেন শোভনদেব?

এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান কেন তিনি মিছিলে যোগ দিতে পারেন নি। শোভনদেবের কথায়, “বাড়ির লক্ষ্মীপুজোতে আমায় থাকতে হয়। মেয়ে-বৌমা-নাতনী সকলেই পুজোর কাজ করেন। তবে লক্ষ্মী পুজোর জোগাড় মূলত আমিই করেছি”।

এরপরই জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, “আঘাত যখন ব্যক্তিগত ভাবে কারোর উপর বর্ষায় তাঁর যন্ত্রণা নিশ্চিতভাবে অত্যন্ত বেশি। বালু আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী। হাসিখুশি মানুষ। ও সত্যিই ভাল ছেলে। দীর্ঘদিনের সংগঠক। ওর শরীরও খারাপ। সুগার প্রায় পাঁচশো”।

শোভনদেবের কথায়, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি দলের সংগঠনে কোনও প্রভাব ফেলবে না। তিনি বলেন, “এখানে সৌগত রায়কে আরও বেশি ভোটে জিতিয়ে আনব আমরা। এটা নিশ্চিত। কারণ যত আক্রমণ আমাদের উপর নেমে আসবে, সেই আক্রমণের প্রতিফলত ততটাই ঘটবে ভোটের বাক্সে। আমার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা যদি কিছু থেকে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আমাদের ব্যবধান বাড়বে এবং আসন সংখ্যা বাড়বে”।

প্রসঙ্গত, বছর গড়ালেই লোকসভা নির্বাচন। এমন আবহে শাসক দল তৃণমূলের এভাবে একের পর এক হেভিওয়েট নেতা-মন্ত্রীদের গ্রেফতারির জেরে তৃণমূল যে বেশ অস্বস্তিতে পড়ছে, তা বলাই বাহুল্য। তৃণমূলের যদিও দাবী, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তাদের নেতা-মন্ত্রীদের টার্গেট করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। এবার এমন পরিস্থিতিতে শোভনদেবের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ।

RELATED Articles