আর জি কর হাসপাতালের (R G Kar Hospital) তরুণী চিকিৎসককে ধ’র্ষণ এবং খু’নের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে সারা বাংলা। ঘটনার একমাস অতিক্রান্ত হয়ে গেলেও থেমে যায়নি প্রতিবাদ। সময়ের সাথে আরও তীব্রতর হয়ে উঠেছে সাধারণ মানুষের এই আন্দোলন। প্রতিনিয়তই প্রতিবাদের বিভিন্ন ছবি উঠে আসছে সামনে। কখনও মোমবাতি মশাল হাতে মিছিল কখনও রাত দখল। সাধারণ মানুষের সাথে এই প্রতিবাদ আন্দোলনে প্রথম থেকেই এক হয়ে গেছেন বেশ কিছু সেলিব্রেটিরা। তাদের মধ্যে অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) অন্যতম।
আর জি করের ঘটনায় প্রথম থেকেই সরব ছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কখনও সমাজমাধ্যমে কখনও আন্দোলনকারীদের সাথে রাস্তার মিছিলে মিশে গিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছেন তিনি। তবে এর জন্য ট্রোলের শিকার হতে হয়েছে অভিনেত্রীকে। তাকে নিয়ে বানানো হয়েছে অজস্র মিম। শাসক দলের সদস্যরা তাকে ট্রোল করতে নানা রকম নোংরা,অশালীন ট্রোল পোস্ট করেছেন সমাজ মাধ্যমে। নির্যাতিতার বিচার চাওয়ায় এরকম আক্রমণে স্বাভাবিকভাবেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাই নিজেকে সবকিছু থেকে কিছুটা সরিয়ে নিয়েছিলেন বিগত কয়েকদিন।
তবে শ্রীলেখা মিত্র একদমই নিষ্ক্রিয় হয়ে যাননি। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কোন এক অনুষ্ঠানে বাজে চটুল গান। সেই গানে নাচ করছে একজন নারী। পেছনে কালো ব্যানারে বড় বড় করে লেখা ‘উই ওয়ান্ট জাস্টিস’। তার নিচে আবার ছোট করে লেখা ‘সিবিআই’।
এই ভিডিও শেয়ার করে শ্রীলেখা মিত্র লেখেন, “নব জাগড়ন। আবার #সিবিআই !!! মরি মরি”। তবে ভিডিওটি কোন জায়গার বা কবেকার সেই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। যিনি ভিডিওটি পোস্ট করেছেন সেই সৌভিক ভদ্র নামক ব্যক্তি জানিয়েছেন ভিডিওটি কলেজ স্ট্রিট বাটার কাছে তোলা। শ্রীলেখা সেই পোস্টে প্রশ্ন করেন ‘তৃণুদের?’। তাতে সৌভিক ভদ্র ব্যক্তিটির জবাব, ” এত সংস্কৃতিমনস্ক আর কারাই বা আছে?”।
আর জি কর ঘটনার তদন্তের ভার কলকাতা পুলিশের হাত থেকে সিবিআই এর হাতে তুলে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাই অধিকাংশ তৃণমূল কর্মী সমর্থকরা মনে করছেন যে বিচার মুখ্যমন্ত্রীর কাছে না চেয়ে চাওয়া উচিত সিবিআই এর কাছে, কারণ প্রায় একমাস হতে চলল এই ঘটনা তদন্ত করছে সিবিআই। সেই দাবীর কারণেই হয়তো এই অনুষ্ঠান আয়োজন করেছিল তারা।





