বাতিলের পর বাতিল! চাকরি বাতিল হল আরও ১৫৭ জন অযোগ্য শিক্ষকের, সুপারিশপত্র বাতিল এসএসসি-র

নবম-দশম শ্রেণীর আরও ১৫৭ জন অযোগ্য শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পথে। বিজ্ঞপ্তি দিয়ে এই ১৫৭ জনের সুপারিশপত্র বাতিল করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে। হাইকোর্টের নির্দেশে এই সিদ্ধান্ত নিল কমিশন।

২০১৬ সালে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ নিয়ে বড় অভিযোগ ওঠে। উত্তরপত্র কারচুপির অভিযোগও ওঠে। কলকাতা হাইকোর্টে ওঠে এই মামলা। আদালতে কমিশন জানায়, ৯৫২ জনের বিরুদ্ধে উত্তরপত্র বিকৃতি করে বেনিয়মে চাকরি দেওয়া হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ জানায়, এই ৯৫২ জনের মধ্যে ৮০৫ জন চাকরি করছেন।

এরপরই হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে ওই ৮০৫ জন অযোগ্য শিক্ষকের চাকরি বাতিল করতে হবে। তাদের বেতন বন্ধেরও নির্দেশ দেন তিনি। এরপরই হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ৮০৫ জন অযোগ্য শিক্ষকের চাকরি বাতিলের প্রক্রিয়া শুরু হয়।

প্রথম ধাপে ৬১৮ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করে এসএসসি। এরপরই তাদের সুপারিশপত্র বাতিল করা হয়। এবার দ্বিতীয় ধাপে ১৫৭ জনের  সুপারিশপত্র বাতিল করল কমিশন। এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ৭৭৫ জনের সুপারিশপত্র বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন। গতকাল, শুক্রবার রাতেই কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এই ১৫৭ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করে এসএসসি।

আরও অন্যান্য খবর