চাকরি গেলেও আপাতত বেতন ফেরত দিতে হচ্ছে না গ্রুপ ডি-র চাকরিহারাদের, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ ডিভিশন বেঞ্চের

গ্রুপ ডি-র চাকরিহারাদের এখনই বেতন ফেরত দিতে হচ্ছে না। হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বেআইনিভাবে নিয়োগের জেরে এসএসসি-র গ্রুপ ডি-র ১,৯১১ কর্মীর চাকরি বাতিল হয়েছে। তাদের বেতনও ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন চাকরিহারারা। পরবর্তী শুনানি পর্যন্ত অন্তত তাদের বেতন ফেরত দিতে হবে না বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ।  

২৪ ঘণ্টার মধ্যে চাকরিহারাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশের উপর সাময়িক স্থগিতাদেশ জারি করা হয়েছে। তবে সিঙ্গল বেঞ্চের অন্য কোনও রায়ের উপর কোনও স্থগিতাদেশ নেই। এর ফলে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী, এসএসসির কাউন্সেলিং চলবে। যোগ্য প্রার্থীদের নিয়োগে কোনও সমস্যা থাকছে না বলেই দাবী আইনজীবীদের।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে গ্রুপ ডি-র ১,৯১১ জনের চাকরি বাতিল হয়েছে। চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে পাল্টা মামলা করেন চাকরিহারারা। ‘অযোগ্য’ কর্মীদের বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে চাকরিহারারা দ্বারস্থ হন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।

গ্রুপ ডি-র চাকরিহারা কর্মীরা আদালতে সওয়াল করেন যে চাকরি পাওয়ার পর তারা যথাযথ শ্রম দিয়েই কাজ করেছেন। তাহলে কেন শ্রমের বিনিময়ে সেই বেতন ফেরত দেবেন তারা। এদিনের শুনানি শেষে বেতন ফেরতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল ডিভিশন বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২৭শে ফেব্রুয়ারি।

RELATED Articles