অতিরিক্ত উচ্ছ্বাসই হয়ে উঠল বিপদের কারণ। নাগরদোলায় চেপে সেলফি তুলতে গিয়ে গুরুতর চোট পেল এক যুবক। আহত যুবকের নাম ফিরদৌস মোল্লা। বয়স ১৯। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার লাভপুরের এক মেলায়।
গুরুতর আহত ওই যুবককে প্রথমে লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয় বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। বর্তমানে চিকিৎসা চলছে যুবকের।
স্থানীয় সূত্রে খবর, নাগরদোলায় সেলফি তুলতে গিয়েই বড় বিপদ ঘটে যায় লাভপুরের মেলায়। নাগরদোলার রডে ধাক্কা লেগে গুরুতর আহত হয় এক যুবক। গতকাল, বুধবার সন্ধ্যে নাগাদ লাভপুর ফুল্লরা মহামেলায় এই ঘটনাটি ঘটেছে। আহত ওই যুবক ফিরদৌস মোল্লা লাভপুর ঠাকুর পাড়ার বাসিন্দা। সে চেন্নাইয়ে কাজ করত বলে খবর।
এই ঘটনার জেরে গোটা মেলা চত্বরে তুমুল চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি মেলা কমিটির লোকজন ও স্থানীয়রা ওই যুবককে নাগরদোলা থেকে বাইরে নিয়ে আসে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের কথায়, এই ঘটনার সময় ওই মেলার ব্রেক ডান্স নাগরদোলাতে চেপেছিল ওই যুবক।
জানা গিয়েছে, নাগরদোলাতে উঠে সেলফি নিতে শুরু করে যুবক। আর ঠিক তখনই চালু হয়ে নাগরদোলা। ফোনটি পড়ে যায় যুবকের হাত থেকে। নাগরদোলা চালু অবস্থাতেই ফোনটা তুলতে যায় সে। সেই সময় নাগরদোলার বাইরে থাকে একটি রড ধাক্কা মারে তার মাথায়।
গুরুতর চোট লাগে যুবকের। মেলার দর্শকরা, মেলা কমিটির লোকজন ছুটে আসেন। যুবককে উদ্ধার করে প্রথমে লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুবককে স্থানান্তরিত করা হয় বোলপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।
যুবকের পরিবার সূত্রে খবর, বর্তমানে তাদের ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজিতে ভর্তি করা হয়েছে। চিকিৎসা চলছে। স্থানীয়রা জানিয়েছেন, অতর্কিতে ছবি তোলার কারণেই দুর্ঘটনাগ্রস্ত হয়েছে ওই যুবক। লোহার রড মাথায় এসে লাগায় ঘটনাস্থলে অচৈতন্য হয়ে পড়ে যুবকটি।





