রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ২০২৩-২৪-এর বাজেটে ৩ শতাংশ হারে ডিএ বাড়ানোর ঘোষণা রাজ্যের

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর। চলতি অর্থবর্ষের বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী ১লা মার্চ থেকেই এই নতুন ডিএ কার্যকর হবে। কেন্দ্রীয় সরকার বছরে দু’বার করে ডিএ বাড়ায়। সেই তুলনায় অনেকটাই বঞ্চিত হন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই বৈষম্য যাতে খানিকটা কমে, সেই কারণে এই ৩ শতাংশ ডিএ বাড়াল রাজ্য।

ডিএ নিয়ে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন।  বকেয়া ডিএ দেওয়ার দাবীতে সম্প্রতি তাঁদের আন্দোলনের সুর চড়েছে। গতকাল, মঙ্গলবার সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ কার্যত হুঁশিয়ারি দেয় নবান্ন ও নির্বাচন কমিশনকে তারা জানায়, পঞ্চায়েত নির্বাচনের কাজ তাঁরা করবেন না।

মূলত দুটি দাবী জানান তারা। এক, কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দিতে হবে। রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রের তুলনায় অনেকটা কম হারে ডিএ পেয়ে থাকেন। তাদের কথায়, রাজ্য সরকারি কর্মীদের ৪২ শতাংশ হারে ডিএ দিতে হবে। সরকারি কর্মী সংগঠনের দ্বিতীয় দাবী ছিল, শীঘ্রই রাজ্য সরকারের সব শূন্য পদে নিয়োগ করতে হবে। 

এদিন বাজেটে ৩ শতাংশ ডিএ বাড়ানোর ফলে এই আন্দোলন কিছুটা স্তিমিত হবে বলেই মনে করা হচ্ছে। অর্থমন্ত্রী জানান, মার্চ মাসের শেষ থেকে নতুন হারের এই ডিএ কার্যকর হবে। এর জেরে রাজ্য সরকারি কর্মচারীরা তো বটেই অবসরপ্রাপ্তরাও সুবিধা পাবেন।

তবে হিসাব অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ-র সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ-র ফারাক এখনও ৩২ শতাংশ। ওয়াকিবহাল মহলের মতে, পঞ্চায়েত নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীরা কাজ করবেন না বলে হুঁশিয়ারি দেওয়ার কারণেই তড়িঘড়ি এই ৩ শতাংশ ডিএ বাড়িয়েছে রাজ্য সরকার।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না। রাজ্যের টাকা দিয়েই সব করতে হচ্ছে। তার মধ্যেও এই ডিএ বাড়ানোর চেষ্টা করা হল। এর জন্য প্রতিমাসে অতিরিক্ত ১৬০ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের, এমনটাও জানানো হয়েছে।

RELATED Articles