এবার মাধ্যমিকের পরই পড়ুয়াদের মোবাইল দেবে রাজ্য সরকার, পড়ুয়াদের ভবিষ্যৎ ‘উজ্জ্বল’ করতে বাজেটে ঘোষণা মমতার

আজ, বৃহস্পতিবার ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। এই বাজেট অধিবেশনে এদিন নানান ক্ষেত্রে বরাদ্দের পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বরাদ্দের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মাধ্যমিকের পরই এবার থেকে পড়ুয়াদের দেওয়া হবে মোবাইল, ট্যাবলেট।

কী ঘোষণা হল রাজ্য বাজেটে?

করোনা পরিস্থিতির সময় বন্ধ ছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। সেই সময় স্কুল, কলেজে শুরু হয় অনলাইন পড়াশোনা। স্মার্টফোনই ছিল তখন পড়াশোনার একমাত্র উপায় ও মাধ্যম। কিন্তু রাজ্যের সব পড়ুয়াদের স্মার্টফোন কেনার মতো অবস্থা নয়। সেই কারণেই তখন রাজ্য সরকারের তরফে চালু করা হয় ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প।

সেই প্রকল্পে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ট্যাব কেনার টাকা সরাসরি পাঠানো হয় পড়ুয়াদের অ্যাকাউন্টে। এবার পড়ুয়াদের আর উচ্চমাধ্যমিক পর্যন্ত অপেক্ষা করতে হবে না ট্যাবের জন্য। কারণ এবার থেকে মাধ্যমিক পাশ করার পরই পড়ুয়ারা হাতে পাবে স্মার্টফোন। একাদশ শ্রেণীতে উঠলেই মোবাইলের টাকা পৌঁছে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এর জন্য ৯০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সূত্রের খবর।  

শুধু তাই-ই নয়, এদিনের রাজ্য বাজেটে মাদ্রাসাগুলির জন্যও বড় ঘোষণা করল রাজ্য সরকার। জানা গিয়েছে, মাদ্রাসাগুলিকে তথ্যপ্রযুক্তি ও বৃত্তিমূলক শিক্ষা-সহ অত্যাধুনিক পাঠক্রম প্রণয়নের মাধ্যমে ধীরে ধীরে উন্নত করা হবে। এর জন্য বাজেটে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

এখানেই শেষ নয়, মিড-ডে মিলের রাঁধুনি ও সাহায্যকারীদের বেতনও বাড়ানো হয়েছে রাজ্য বাজেটে। তাদের বেতন ৫০০ টাকা বাড়িয়েছে রাজ্য সরকার। রাজ্য বাজেট অনুযায়ী, আগে মিড ডে মিলের রাঁধুনি ও সাহায্যকারীরা মাসে ১০০০ টাকা করে ১০ মাস টাকা পেতেন। তবে এবার থেকে ২ লক্ষ ৩০ হাজার রাঁধুনি ও সাহায্যকারীকে প্রতিমাসে অতিরিক্ত ৫০০ টাকা করে দেওয়া হবে। আর যার জন্য বরাদ্দ করা হয়েছে ১৪০ কোটি টাকা।

RELATED Articles