বেশ কিছুদিন ধরেই বঙ্গ রাজনীতির অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে যে সৌরভ গাঙ্গুলি রাজনীতিতে আসছেন। অবশ্য তাঁর রাজনীতিতে আসা নিয়ে অখুশি শাসকদলের অনেকেই। কারণ দাদা যদি রাজনীতিতে আসেন, তবে তা গেরুয়া শিবিরেই, তা এতদিনে বেশ পরিষ্কার। তবে এই বিষয়ে স্পষ্ট কোনও মন্তব্য করেননি ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। তবে গত রবিবার রাজ্যপালের সঙ্গে তাঁর সাক্ষাৎ ও তারপর দিন সোমবার দিল্লিতে অমিত শাহ্’র সঙ্গে তাঁর মঞ্চ ভাগ করে নেওয়া, তাঁর রাজনীতিতে আসার জল্পনাকে আরও বাড়িয়ে তোলে। এবার এই জল্পনার মধ্যেই সৌরভকে দেওয়া সরকারী জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
উল্লেখ্য, চলতি বছরের আগস্ট মাসেই সৌরভ হিডকোর কাছে নিউটাউনের জমি ফিরিয়ে নেওয়ার আবেদন জানান। কিন্তু অনেকদিন হয়ে গেলেও সে আবেদনে বিশেষ আমল দেয়নি সরকার। কিন্তু এবার তাঁর সেই অনুরোধ মেনেই নিউটাউনের জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
রাজ্যের মন্ত্রিসভায় আজ সৌরভের জমি সংক্রান্ত অনুরোধ মেনে নেওয়া হয়েছে। নিউটাইন সরকারের পক্ষ থেকে স্কুল গড়ার জন্য সৌরভকে দেওয়া জমি ফিরিয়ে নিতে হিডকো-কে নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানান, “মন্ত্রিসভায় সৌরভের অনুরোধ মেনে নেওয়া হয়েছে। ওঁর অনুরোধ মেনে নিউটাউনে ওঁকে দেওয়া জমি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা ওঁকে জমির দাম বাবদ টাকা দিয়ে জমি নিয়ে নেব”।
সৌরভের বিজেপিতে জগ দেওয়ার জল্পনার মধ্যেই আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা বলেন, আগামী নির্বাচনে সৌরভের নেতৃত্বে লড়বে বিজেপি। তাই রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে যে, এই মন্তব্যের পরেই সৌরভের জমি ফিরিয়ে নেওয়ার কাজে বেশি করে তৎপর হয়েছে রাজ্য।
প্রসঙ্গত, ২০১৩ সালে গরীবদের জন্য স্কুল গড়ার কাজে নিউটাইনে দুই একর জমি সরকারের থেকে কেনেন সৌরভ। কিন্তু অনেকগুলো বছর কেটে গেলেও এই নিয়ে কাজ এগোতে পারেননি মহারাজ। এই কারণেই সে জমি ফিরিয়ে নিতে সরকারের কাছে আবেদন করেছিলেন তিনি। সেই আবেদনই এবার মেনে নেওয়া হল।





