আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় গোটা রাজ্য ফুঁসছে। চারদিকে বিক্ষোভ-আন্দোলন চলছে। এর মধ্যে আগামী ২৭ আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ছাত্র সমাজের তরফে। কোনও রাজনৈতিক দল এই ডাক দিয়েছে কী না, তা স্পষ্ট নয়। তবে এই অভিযানকে ঘিরে যে রাজ্য বেশ উদ্বেগের মধ্যে রয়েছে, তা বেশ স্পষ্ট। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে এই অভিযান নিয়ে সুরাহা চাইল রাজ্য।
আজ, বৃহস্পতিবার আর জি কর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। এদিন প্রধান বিচারপতির কাছে নবান্ন অভিযানের বিষয়টি উত্থাপন করেন সরকারের পক্ষের আইনজীবী কপিল সিব্বল। তিনি বলেন, “২৭ তারিখ একটা প্রতিবাদ মিছিল রয়েছে। যদি কোনও প্রতিবাদ মিছিল হয়, তাহলে রাজ্য সরকারকে যেন বলা হয় কোন রুটে এই মিছিল হবে। একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) থাকতে হবে”।
তিনি আরও আরও বলেন, “ওরা পতাকা নিয়ে যায়, কিন্তু পতাকা খুলে নিলেই তো সেটা লাঠি হয়ে গেল। আমাদের কাছে ছবি আছে। তাই আদালতের কাছে আর্জি যে, রাজ্য সরকারের পেশ করা স্ট্যাটাস রিপোর্ট দেখা হোক। এবং একটা নির্দেশ দিয়ে বলা হোক যেন এসওপি অনুসরণ করা হয়”।
এই নিয়ে প্রধান বিচারপতি বলেন, “এ বিষয়ে আমরা কেন বলব? আইন তার নিজের মত চলবে। কিন্তু মানুষকে নির্বিচারে গ্রেফতার করা বন্ধ করুন”। তবে এই মিছিল নিয়ে রাজ্য সরকারকে আইনি পদক্ষেপ করার ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। তবে এই অভিযান নিয়ে যে রাজ্য সরকার বেশ উদ্বিগ্ন, তা ভালোই বোঝা গিয়েছে।
এদিন সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ কোনও বল প্রয়োগ করতে পারবে না। ফলে ২৭ তারিখে নবান্ন অভিযানে আদৌ কী হতে চলেছে, সেটাই একঝন দেখার!
অন্যদিকে এদিন হাইকোর্টে রাজ্য জানায়, আগামী ২৭ তারিখ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। পুলিশের কাছে এই বিষয়ে কোনও অনুমতি নেওয়া হয়নি। এই অবস্থায় আদালতের থেকে নির্দেশ প্রয়োজন। রাজ্যকে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামীকাল, শুক্রবার এই মামলার শুনানি রয়েছে।





