আবাস যোজনায় যে সমস্ত ভূমিহীনরা বাড়ি পাওয়ার যোগ্য, তাদের যদি জমি না থাকে, তাহলে এবার বাড়ি তৈরি করতে তাদের জমি প্রদান করবে রাজ্য। তারপর আবার আবাস যোজনায় বাড়ি তৈরির জন্যও দেওয়া হবে টাকা। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে যখন একের পর এক অভিযোগ উঠছে, সেই সময় এমনই এক নতুন ঘোষণা করল রাজ্য সরকার।
জানা গিয়েছে, এবার ভূমিহীনদের ২ কাঠা জমি দেবে রাজ্য সরকার। যদি এমন হয় যে আবেদনকারী ভূমিহীনরা যে জায়গায় বর্তমানে থাকেন, সেখানে দেয়ার মতো জমি নেই, তাহলে সেক্ষেত্রে উপভোক্তাদের বুঝিয়ে তাদের অন্য জায়গায় জমি প্রদান করতে হবে বলে জানাল রাজ্য। উপভোক্তাদের একথা বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকদের।
আর এই প্রকল্পে এই জমি প্রদান করার কাজের তত্ত্বাবধানে থাকবেন সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলাশাসক ও ডিএলএলআরও। তাদের কাছেই থাকবে ভূমিহীন আবাস উপভোক্তাদের তালিকা। সেই অনুযায়ীই উপভোক্তাদের জন্য জমি চিহ্নিত করবেন তারা।
প্রসঙ্গত, রাজ্য সরকার অভিযোগ তুলেছিল আবাস যোজনায় কেন্দ্র টাকা দিচ্ছে না। সেই কারণে আবাস যোজনায় রাজ্য সরকারের কোষাগার থেকেই বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হবে বলে ঘোষণা করেছিল রাজ্য। কিন্তু এই আবাস যোজনাতেও উঠেছে দুর্নীতির অভিযোগ। যাদের পাকাবাড়ি রয়েছে, তাদের নাম উঠছে তালিকায় কিন্তু যাদের মাটির ভগ্নপ্রায় বাড়ি, তাদের নাম বাদ তালিকা থেকে।
আরও পড়ুনঃ বন্ধ রবীন্দ্র-সুভাষ সরোবর, লেকেই বাইরেই ছট পুজোতে উদযাপন অকাল দিওয়ালির, দেদার ফাটল শব্দবাজি, নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রইল পুলিশ
এমন নানান অভিযোগ এসেছে রাজ্যের নানান প্রান্ত থেকেই। এমন অভিযোগে বিদ্ধ হয়ে নড়েচড়ে বসেছে রাজ্য সরকার। আবাস যোজনার টাকা দেওয়ার জন্য এবার সমীক্ষা করা হচ্ছে। যাদের সত্যিই কাঁচাবাড়ি, তাদের চিহ্নিত করা হচ্ছে। আর এরই সঙ্গে এবার চিহ্নিত করা হবে ভূমিহীনদেরও। অতিরিক্ত জেলাশাসক (ভূমি রাজস্ব) এবং ডিএলএলআরওদের কাছে সেই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে আবার ফের দুর্নীতির কোনও অভিযোগ আসে কী, তা তো সময়ই বলবে!






