আর জি করের তরুণী চিকিৎসকের ধরণ-মৃত্যুর ঘটনা রাজ্য তো বটেই গোটা দেশকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। দিকে দিকে বইছে আন্দোলনের স্রোত। সাধারণ মানুষ পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। ন্যায় বিচারের দাবীতে সকলে সরব। এমন আবহে এবার এক অনন্য উদ্যোগ নিলেন জুনিয়র চিকিৎসকরা। আর জি করে এবার স্থাপন করা হবে নির্যাতিতা তরুণী চিকিৎসকের মূর্তি।
যে জায়গায় নিজের স্বপ্ন পূরণ করতে পা রেখেছিলেন, সেই জায়গাতেই চিরদিনের মতো স্বপ্নভঙ্গ হয় তিলোত্তমার। এই মেডিক্যাল কলেজ থেকেই গোল্ড মেডেল পেয়ে সুচিকিৎসক হিসেবে নিজেকে গড়ার স্বপ্ন দেখেছিলেন সেই তরুণী চিকিৎসক। কিন্তু সেই হাসপাতাল থেকেই বের হয় তাঁর মরদেহ। সেই হাসপাতালেই ক্ষতবিক্ষত করে শেষ করে দেওয়া হয় তাঁর সমস্ত স্বপ্নকে। সেই কারণে এবার সেই হাসপাতালেই তাঁকে চিরঅমর করে রাখতে সেখানে বসানো হবে তিলোত্তমার মূর্তি।
কিছুদিন আগেই এক সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশিষ্ট চিকিৎসক অভিজিৎ চৌধুরী আর জি করে তিলোত্তমার মূর্তি স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন। গতকাল, শুক্রবার এসএসকেএমে জুনিয়র চিকিৎসকদের গণকনভেনশনে সেই প্রস্তাবের কথা জানান তারা। জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, আর জি করেই তৈরি হবে নির্যাতিতা তিলোত্তমার মূর্তি।
এদিন জুনিয়র চিকিৎসকরা এও জানান, মহালয়ার দিন মহামিছিল করবেন তারা। কলেজ স্কোয়ার থেকে শুরু করে মিছিল হবে ধর্মতলা পর্যন্ত। মিছিল শেষে হবে মহাসমাবেশ। এমনটাই গণকনভেনশন থেকে জানান জুনিয়র চিকিৎসকরা। পুজোতেও যে এই আন্দোলনের রেশ থাকবে, তা বেশ বোঝা যাচ্ছে।
আর জি করের ঘটনার পর ৪২ দিন টানা কর্মবিরতি করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। এরপর আংশিকভাবে কাজে যোগ দেন তারা। তবে কাজে যোগ দিলেও যে তাদের আন্দোলনের ঝাঁঝ কোনওভাবেই কমে নি, তা ফের একবার স্পষ্ট করে দিলেন জুনিয়র চিকিৎসকরা।





