ফের বাংলার মুখ উজ্জ্বল হল জাতীয় স্তরে। আর এই সাফল্য এল নৈহাটির এক ছাত্রের হাত ধরে। সর্বভারতীয় আইআইটি পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করল নৈহাটির রূপাঞ্জন মুখোপাধ্যায়। ২,৯১২ জনের মধ্যে শীর্ষস্থান দখল করেছে সে।
আইআইটি গুয়াহাটির ইনস্টিটিউটের অধীনে জয়েন্ট অ্যাডমিশন টেস্ট মাস্টার্স ২০২৩ পরীক্ষায় ম্যাথামেটিক্যাল স্ট্যাটিসটিকসে প্রথম হয়েছে নৈহাটির এই ছাত্র। ৫৯ শতাংশ নম্বর পেয়েছে রূপাঞ্জন। শুধুমাত্র নৈহাটিই নয়, গোটা বাংলার গর্ব সে। ২,৯১২ জনের মধ্যে সেরার শিরোপা ছিনিয়ে এনেছে রূপাঞ্জন।
নৈহাটি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রূপাঞ্জন মুখোপাধ্যায়। তাঁর বাবা পেশায় গৃহশিক্ষক। দীর্ঘ বছর ধরে কত কত পড়ুয়াকে শিক্ষা দিয়ে নিজের হাতে গড়েছেন তিনি। এবার তাঁর মুখ উজ্জ্বল করল তাঁর ছেলে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা শেষ করে সর্বভারতীয় আইআইটি পরীক্ষায় বসে রূপাঞ্জন। বরাবরই সে পড়াশোনায় খুব ভালো। তবে এত ছেলে যে এত ভালো ফল করবে তা হয়ত ভাবতে পারেন নি রূপাঞ্জনের মা-বাবা। ছেলের এই সাফল্যে স্বভাবতই খুব খুশি তারা।
সর্বভারতীয় এই পরীক্ষায় ধার্য ১০০ নম্বরের মধ্যে ৫৯ নম্বর পেয়েছে রূপাঞ্জন। নিজের এই সাফল্যের বিষয়ে রূপাঞ্জন বলে, “আমার বাবা-মা এবং শিক্ষকরা পাশে থেকেছেন সবসময়। আইআইটি জেএএম প্রস্তুতি শুরু করার পর দিনে প্রায় তিন ঘণ্টা থেকে চার ঘণ্টা পড়াশোনা করতাম। পরীক্ষার সময় তা আরও একটু বেড়েছিল”। ওই ছাত্র এও জানায় যে পড়াশোনার জন্য সোশ্যাল মিডিয়া তো দূর ফোনও খুবই কম ব্যবহার করত সে।





