মাধ্যমিকের ফর্ম ফিলআপে বাড়তি টাকা নিয়ে মেটানো হচ্ছে স্কুল শিক্ষকদের বেতন, তুমুল বিতর্কের মুখে স্কুল

শিক্ষকদের বেতনে টান। সেই কারণে মাধ্যমিকের ফর্ম ফিলআপের সময় পড়ুয়াদের থেকে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। সেই টাকা দিয়ে মেটানো হচ্ছে শিক্ষকদের বেতন। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানায় দশম শ্রেণীর পড়ুয়ারা।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

এই ঘটনাটি ঘটেছে হরিহরপাড়া স্বরূপপুর উচ্চ বিদ্যালয়ে। পড়ুয়াদের অভিযোগ, মাধ্যমিকের রেজিস্ট্রেশনের জন্য স্বরূপপুর তাদের থেকে ৪০০ টাকা নিচ্ছে করে নিচ্ছে তাদের স্কুল। কিন্তু অন্য স্কুল নিচ্ছে মাত্র ২৫০ টাকা। বাড়তি এই টাকা অনেক গরিব ছাত্রছাত্রী দিতে পারছে না বলে জানা গিয়েছে।

পড়ুয়ারা জানায়, এই কথা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বলতে গিয়েছিলেন তারা। কিন্তু অভিযোগ, সেই সময় তাদের বহিরাগত কিছু লোক মারধর করে। এই ঘটনার প্রতিবাদে পড়ুয়ারা স্কুলের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় দশম শ্রেণীর পড়ুয়ারা। তাদের অভিযোগ, এই বাড়তি টাকা দিয়ে স্কুলের শিক্ষকদের বেতন মেটানো হচ্ছে।

কী জানাচ্ছেন অভিভাবকরা?

এক অভিভাবকের কথায়, “স্কুলের তরফে প্রথমে সেভাবে কিছুই বলা হয়নি। কিন্তু এভাবে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়া হলে তো অভিভাবকদেরই ওপর চাপ তৈরি হচ্ছে। এই অঞ্চলের বেশিরভাগই চাষাবাদের ওপর নির্ভরশীল। কয়েকজন ছোটোখাটো ব্যবসা করেন। অনেকেই কষ্ট করে ছেলেমেয়েদের পড়ান। তার মধ্যে এভাবে চাপ তৈরি হলে সমস্যা হচ্ছে”।

স্কুলের কী বক্তব্য?

এই বাড়তি টাকা নেওয়ার কথা স্বীকার করে নেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি জানান, স্কুলের ১৬ জন শিক্ষক বদলি নিয়ে অন্যত্র চলে গিয়েছেন। সেই কারণে স্থানীয় কিছু শিক্ষককে টাকা দিয়ে স্কুলে পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কারণে বাড়তি টাকা নেওয়া হচ্ছিল ফর্ম ফিলআপের সময়। তিনি জানান, পরে পড়ুয়াদের দাবী মেনে তা আর নেওয়া হয়নি।  

গ্রামের গরীব পড়ুয়াদের থেকে এমন বাড়তি টাকা নেওয়ায় স্কুলের দিক্লে আঙুল উঠেছে। ওই স্কুলে প্রায় আড়াই হাজার পড়ুয়া রয়েছে। শিক্ষক রয়েছেন ২৬ জন, পার্শ্ব শিক্ষক ৩ জন ও চুক্তিভিত্তিক শিক্ষক ৬ জন। ১৬ জন শিক্ষক বদলি নিয়ে চলে গিয়েছেন। ফলে বেতনে টান পড়েছে। সেই কারণে মাধ্যমিকের ফর্ম ফিলআপের জন্য বাড়তি টাকা নেওয়া হচ্ছিল।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles