মানিক ভট্টাচার্যের পর এবার জামিন পেলেন সারদা চিটফান্ড মামলায় বন্দি সুদীপ্ত সেন, জেলমুক্তি নাকি?

সারদা চিটফান্ড কাণ্ডে দীর্ঘ বছর ধরে জেলবন্দি সারদা কর্তা সুদীপ্ত সেন। এবার সিবিআইয়ের করা ৪ মামলাতেই জামিন পেলেন তিনি। গতকাল, বৃহস্পতিবার বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি গৌরাঙ্গ কাঁথের ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। সেখানেই জামিন পান সারদা কর্তা।

সারদা চিটফান্ড মামলায় বিচারাধীন বন্দী সারদা কর্তা সুদীপ্ত সেন। রাজ্যের নানান আদালতেই তাঁর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। সম্প্রতি, সংশোধনাগার থেকে প্রিজনার্স পিটিশন দাখিল করেন সুদীপ্ত সেন। তিনি অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিন্তু গত দেড় বছর ধরে কোনও মামলার শুনানি হচ্ছে না। সব ক্ষেত্রে তাঁকে আদালতে হাজির করানোও হচ্ছে না বলে অভিযোগ সারদা কর্তার।

তিনি আবেদন জানান, হয় তাঁকে আদালতে সশরীরে হাজির করানো হোক বা অনলাইনে ভার্চুয়াল মাধ্যমে হাজির করানো হোক। গতকাল, বৃহস্পতিবার সুদীপ্ত সেনের আবেদনের প্রেক্ষিতে সুদীপ্ত সেনের বিরুদ্ধে যে সমস্ত মামলা রয়েছে, সেই সমস্ত রিপোর্ট সিবিআইয়ের থেকে তলব করে বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ। সিবিআইয়ের আইনজীবী এদিন সেই রিপোর্ট জমা দেন।

সূত্রের খবর, সিবিআইয়ের সেই রিপোর্টে উল্লেখ রয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে সুদীপ্ত সেনের বিরুদ্ধে ১০৪টি মামলা দাখিল করার কথা। কিন্তু দাখিল করা হয়েছে ৭৬টি মামলা। এর মধ্যে সিবিআইয়ের তরফে রয়েছে ৪টি মামলা। বাকি মামলা একসঙ্গে যুক্ত।

আরও পড়ুনঃ হাইকোর্টের রায়ের পরেও হচ্ছে না নিয়োগ! ঘুমাচ্ছে প্রশাসন! বিক্ষোভের মিছিল উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের

এদিন সিবিআই যে রিপোর্ট দেয়, তা আবেদনকারী সুদীপ্ত সেনকে যাচাই করার নির্দেশ দেয় আদালত। এর পাশাপাশি রাজ্যের কাছে যে মামলাগুলো রয়েছে, সেগুলিও হলফনামা হিসেবে রাজ্যকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। আর সিবিআইয়ের করা ৪ মামলায় জামিন দেওয়া হয় সুদীপ্ত সেনকে।

RELATED Articles