ঘূর্ণাবর্ত আজকে পরিণত হবে নিম্নচাপে এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদরা। ফলে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে।
যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেটি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। নিম্নচাপটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে অবস্থান করতে পারে বাংলাদেশ উপকূল সংলগ্ন পশ্চিম বঙ্গোসাগর এলাকায়। ঘন্টায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ফলে উত্তাল হবে সমুদ্র। আজ। শুক্রবার এবং কাল শনিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
আজ কলকাতার আকাশ মূলত থাকবে মেঘাচ্ছন্ন। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতায়। চলবে রবিবার পর্যন্ত। আজ কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯৪ শতাংশ। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে চরমে।
হাওয়া অফিসের আবহাওয়াবিদরা জানাচ্ছেন, প্রশান্ত মহাসাগরে জন্ম নেয় টাইফুন ‘ইয়াগি’। সেইটাই ধ্বংসলীলা চালায় চীন এবং ভিয়েতনামে। তারই একটি অংশ এবার ধ্বংসলীলা চালাতে আসছে বাংলায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, টাইফুন ‘ইয়াগি’র অবশিষ্টাংশ বর্তমানে ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে বাংলাদেশে। তারপরও আজ, শুক্র এবং শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত ।





