লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার দিন শেষ, এবার বেরোনোর আগে বাড়িতে বসেই কেটে নিন মেট্রোর টিকিট, কীভাবে? জেনে নিন বিশদে

সামনেই পুজো। তবে এবারের পুজোতে মানুষের মনে সেই উচ্ছ্বাস নেই। উৎসবে মেতে না উঠলেও ঠাকুর পরিদর্শনে নিশ্চয় বেরোবে মানুষ। আর পুজো মানেই মেট্রোতে লাগামছাড়া ভিড়। শুধু পুজো কেন, অফিস টাইমেও তাড়াহুড়োর মধ্যে মেট্রোর টিকিট কাটার লাইনে দাঁড়িয়েই যেন লেট হয়ে যায়। এই সমস্যা এড়াতে এবার এক দারুণ সমাধান নিয়ে হাজির কলকাতা মেট্রো। লাইনে দাঁড়ানোর আর কোনও ঝঞ্ঝাট নেই। এবার বাড়িতে বসেই কেটে নিন মেট্রোর টিকিট আর মেট্রো স্টেশনে ঢুকে সোজা চলে যান ট্রেন ধরতে।

কলকাতা  মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, লাইনের সমস্যা এড়াতে এবার মেট্রোতে অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা চালু করা হয়েছে। ‘কলকাতা মেট্রো রাইড’ নামের একটি অ্যাপ চালু করা হয়েছে কলকাতা মেট্রোর তরফে। সেই অ্যাপের মাধ্যমেই এবার নিজের গন্তব্যস্থলে যাওয়ার আগে বাড়িতে বসে কেটে নিন মেট্রোর টিকিট।

জানা গিয়েছে, অ্যাপ থেকে কিউ আর কোড স্ক্যান করে কাটা যাবে মেট্রোর টিকিট। এর ফলে তাড়াহুড়োর সময় লম্বা লাইনে দাঁড়ানোর আর কোনও ঝামেলাই নেই। ইস্ট-ওয়েস্ট মেট্রোতে কিউ আর ব্যবস্থা আগেই চালু ছিল। এবার এই পরিষেবা চালু হল ব্লু লাইন, গ্রিন লাইন-২ ও অরেঞ্জ লাইনের যাতায়াতের জন্যও।

কীভাবে অনলাইনে কাটা যাবে টিকিট?

  • প্রথমে ‘কলকাতা মেট্রো রাইড’ অ্যাপটি ডাউনলোড করুন।
  • প্রথমবার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করুন।
  • হোমপেজ থেকে সোর্স স্টেশন ও ডেস্টিনেশন স্টেশন বেছে নিন।
  • বুক টিকিট অপশনে গিয়ে ক্লিক করুন। টিকিটের মূল্য পেমেন্ট করার জন্য ইউপিআই, ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের অপশন রয়েছে।
  • পেমেন্ট হয়ে গেলেই কিউ আর কোড চলে আসবে।
  • সেই কিউ আর কোড মেট্রো স্টেশনের গেটে স্ক্যান করলেই ঢুকতে পারবেন আপনি।

আরও পড়ুনঃ ‘আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়…’, জুনিয়র চিকিৎসকদের অনড় দাবী প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়

বলে রাখি, এই অ্যাপের মাধ্যমে আপনি অন্যের জন্যও টিকিট কাটতে পারেন। কিউ আর কোডটি ডাউনলোড করে অন্য কাউকে দিয়ে দিলে তিনি সেই কিউ আর স্ক্যান করে মেট্রো ধরতে পারবেন। এই ই-টিকিটের বৈধতা ১২ ঘণ্টা। এই টিকিটের মাধ্যমে ১২ ঘণ্টার মধ্যে মেট্রো সফর করতে পারবেন আপনি।

আরও অন্যান্য খবর