শুভেন্দুকে চ্যালেঞ্জ সুজাতার! শুভেন্দুর আসনে দাঁড়িয়েই তাঁকে জমানত জব্দ করার হুঁশিয়ারি শানালেন সুজাতা

একদিকে ‘শু’, তো অন্যদিকে ‘সু’। কাকে ছেড়ে কাকে দেখবে। সদ্যই দল পরিবর্তন করা এই দু’জন প্রতিপক্ষকে আক্রমণ করতে কোনও অংশে কম যান না। গতকাল বৃহস্পতিবার, কাঁথির সভা থেকে যখন শুভেন্দু তৃণমূলের দিকে একের পর তীর ছুঁড়ে দিচ্ছে, ঠিক তখনই কাঁথি থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে দাপুটে মহিলা সুজাতা মণ্ডল খাঁ শুভেন্দুর উদ্দেশ্যেই চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন।

এদিন কাঁথিতে রোড শো-য়ে সবসময় শুভেন্দুর পাশাপাশি দেখা মিলেছে সৌমিত্র খাঁ-এর। এর আগে সেই পূর্বস্থলীতে দাঁড়িয়েই শুভেন্দু তৃণমূলকে সমূলে উপড়ে ফেলে দেওয়ার অঙ্গীকার নিয়েছিলেন। তিনি সেদিন বলেন, “পার্টিকে বলব আমাকে এমএলএ-এর টিকিট দিতে হবে না। ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টা খাটব। তৃণমূলকে বিসর্জন দিতে হবে। পরিবর্তনেরও পরিবর্তন হওয়া দরকার”।

এবার সেই একই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দুকে পাল্টা চ্যালেঞ্জ করলেন সুজাতা। বলেন, যদি তিনি দলনেত্রীর অনুমতি পান, তাহলে শুভেন্দু যে আসনে দাঁড়াবেন, তিনিও সেই আসন থেকেই লড়বেন। শুভেন্দুকে জামানত জব্দ করার কথা বলেন তিনি। এও বলেন যে, যদি শুভেন্দু না দাঁড়ান, তাহলে তিনি মনে করবেন যে শুভেন্দু ভয় পেয়েছেন।

পূর্বস্থলীতে দাঁড়িয়ে মমতার সরকারকে তীব্র দেগে শুভেন্দু বলেছিলেন যে বাংলায় কাজ হয়নি। আজ ‘যমের দুয়ারে’ সরকার। বাংলায় ২ কোটি মানুষ বেকার। তিনি এও বলেন যে, তৃণমূলে আত্মসম্মান নিয়ে কেউ থাকতে পারে না। গোটা দল প্রাইভেট কোম্পানিতে পরিণত হয়েছে। উল্টোদিকে, গতকালের সভাতে সুজাতা পাল্টা দাবী করেন যে, মমতা যা করেছেন, তাতে তৃতীয়বারের জন্যও তিনিই জিতবেন। বিজেপিতে দলিতদের, মহিলাদের কোনও সম্মান নেই, তিনি নিজেও কোনও সম্মান পাননি বলে অভিযোগ তোলেন তিনি।

গত শনিবার শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার দু’দিন পরেই সোমবার সুজাতা তৃণমূলে যোগ দেন। এরপর সাংবাদিক বৈঠকে দুঃখপ্রকাশ করে সৌমিত্র খাঁ সুজাতাকে ডিভোর্সের কথা বলেন। এদিন সভাতে দাঁড়িয়ে সুজাতা বিবাহ বিচ্ছেদের কথা সিদ্ধান্ত নিয়ে সুজাতা বলেন, “যেদিন আমার স্বামী দলত্যাগ করেছিল, সেদিন তাঁকে ডিভোর্স দিই নি। বুক চিতিয়ে লড়েছি”। এরপরই বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে যে, তাহলে কী ভবিষ্যতে সৌমিত্র ও সুজাতাকে মুখোমুখি লড়তে দেখা যাবে? তবে এই বিষয়ে সুজাতার থেকে স্পষ্ট কোনও উত্তর মেলেনি।

RELATED Articles