গতকাল, শুক্রবার একের পর এক নাটকীয় মোড় চলেছে রাজ্যে। এদিন সাতসকালেই দমকলমন্ত্রী সুজিত বসুর বাড়ি হানা দেয় ইডি। পুর নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতেই এই অভিযান বলে জানা যায়। প্রায় ১৪ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর রাত ৯টার পর মন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান তদন্তকারীরা। এরপরই সাংবাদিক সম্মেলন ডেকে ইডির অভিযান নিয়ে মুখ খোলেন সুজিত বসু।
কী বললেন দমকলমন্ত্রী?
ইডির এই অভিযান পুর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের স্বার্থে। এই তল্লাশি নিয়ে সুজিতের স্পষ্ট বক্তব্য, “পুরসভা মারফত যে নিয়োগ হয়েছে, সেখানে নাকি আর্থিক তছরুপের অভিযোগে আমাদের যোগাযোগ রয়েছে। আমি বলছি, তদন্ত করুন। যদি কাজের ক্ষেত্রে কেউ এক পয়সা সুজিত বোসকে দিয়ে থাকে, সুজিত বসু আজই পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে”।
এদিন সুজিতের বাড়ি ইডির হানার পরই তা নিয়ে কটাক্ষ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রসঙ্গেই শুভেন্দুকে একহাত নিয়ে এদিন সাংবাদিক সম্মেলনে সুজিত বলেন, “শুনতে পাচ্ছিলাম অনেকে অনেক কথা বলছে। একজন শীতের পোশাক তৈরি রাখতে বলেছে। শীতের পোশাক নেব। তবে গঙ্গাসাগরের জন্য। তারপর তো ফিরছি”।
তাঁর সংযোজন, “সবাইকে চোর বলছে। আয়নায় নিজের মুখ দেখুক। কতদিন আর বিজেপি ওকে গার্ড করবে। তোমার পরিবারের দিকে দেখো। আমাদের দলের থেকে সব সুযোগ নিয়েছ। তোমার মতো চোরকে বিজেপিও স্থান দেবে না”।
তাঁর রোল বিক্রি করা নিয়েও এদিন মন্তব্য করেছিলেন বিজেপি নেতা। সেই প্রসঙ্গে সুজিতের জবাব, “হ্যাঁ, বিক্রি করতাম। কিন্তু কারও পকেট কাটতাম না। চুরি করতাম না। আগেই বলেছি, পুর নিয়োগ দুর্নীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। এক পয়সা নিয়ে থাকলে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে ইস্তফা দিয়ে আসব”।





