‘বাংলার পুলিশ সংবিধান ভুলেছে, সংবিধান মনে করাতেই এসেছি’, দিনহাটা পৌঁছেই পুলিশকে সরাসরি বার্তা সুকান্তের

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik) কনভয়ে হামলার ঘটনা নিয়ে আপাতত রাজ্য-রাজনীতি বেশ তেতে রয়েছে। এই ঘটনার তীব্র বিরোধিতা করা হয়েছে বিজেপির (BJP) তরফে। তৃণমূলকে নানানভাবে কটাক্ষ করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। এবার দিনহাটা পৌঁছেই পুলিশের (Police) উদ্দেশে কড়া বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdars)।

আজ, মঙ্গলবার কোচবিহার পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি। সেখানে গিয়েই সরাসরি পুলিশের নাম করে তাঁর বার্তা, “পশ্চিমবঙ্গের পুলিশ সংবিধান ভুলে গিয়েছে। সেই সংবিধান মনে করাতেই আসা”। একইসঙ্গে তিনি এও বলেন, “দিনহাটায় আক্রান্ত কর্মীদের বাড়িতে যাওয়ার পথে বাধা দিলে সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ায় হবে”।

এখানেই শেষ নয়, সুকান্ত মজুমদারের কথায়, এদিন যদি তাঁকে কোনওরকম বাধার মুখে পড়তে হয়, তা হলে সেই বাধা অতিক্রম করেই যাবেন তিনি।

তবে সুকান্তের এই দিনহাটা যাওয়া ভালো চোখে দেখছেন না উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, “যারা আক্রান্ত তাদের বাড়ি গেলে তো তৃণমূল কর্মীদের বাড়িতে যাওয়া দরকার। আক্রান্ত তো তৃণমূল কর্মীরা। তাদের বাড়িতে যাবেন তো উনি? বিজেপির কেউ তো আক্রান্ত হয়নি। কেউ এলে তো না করব না। ঘুরে আসুক। স্থানীয় লোকরা ওনার সঙ্গ দেবেন কি না জানি না”।

প্রসঙ্গত, গত শনিবার দিনহাটার বুড়িরহাটে এক কর্মসূচি ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। সেখানেই তাঁর কনভয় ঘিরে ইটবৃষ্টি, বিক্ষোভের অভিযোগ ওঠে। এই ঘটনাকে সামনে রেখে শুরু হয় রাজনৈতিক তরজা। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলে বিজেপি। এই ঘটনার তিনদিন পর মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে গেলেন সুকান্ত মজুমদার।

ওই গণ্ডগোলের ঘটনায় ন’হাটা শহর মণ্ডল সভাপতি অজয় রায়-সহ ২৮ জন বিজেপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ওই তালিকায় নাম রয়েছে বিজেপির কোচবিহার জেলা মহিলা মোর্চার সভানেত্রী অর্পিতা নারায়ণ, জেলা সম্পাদক বিরাজ বোস, জেলা সম্পাদিকা দীপা চক্রবর্তী-সহ একাধিক জেলার একাধিক নেতা-নেত্রীর।

কনভয়ে হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর অভিযোগ, তৃণমূল গুন্ডা নয়, পুলিশই রাস্তা আটকে ছিল তাঁর। এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকেও আঙুল তোলেন তিনি। তাঁর দাবী, তাঁর বাড়ি ঘেরাও করার নির্দেশ দিয়েই তৃণমূল কর্মীদের উস্কেছেন তিনি।

RELATED Articles