নানান সময় নানান ধরণের মন্তব্য করে বিতর্কে (controversy) জড়ান বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Sheikh)। ফের একবার বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে এলেন অনুব্রত-বিরোধী এই তৃণমূল নেতা। এক কর্মীসভা থেকে প্রকাশ্যেই তিনি বললেন, “অনেকেই দলটাকে এখন লুটেপুটে খাওয়ার জায়গা করে নিয়েছেন। আমি এটা বরদাস্ত করব না”। তাঁর এহেন মন্তব্য দলের মধ্যে যে বেশ অস্বস্তি বাড়িয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
গতকাল, সোমবার নানুর বিধানসভার সিঙ্গি গ্রামে তৃণমূলের একটি কর্মীসভা ছিল। সেই সভায় উপস্থিত ছিলেন কাজল শেখ। সেই সভা থেকেই তিনি বলেন, “অনেকেই দলটাকে লুটেপুটে খাওয়ার জায়গা করে নিয়েছেন। আমি এটা বরদাস্ত করব না। যারা ভাবছে ঠিকাদারি করে, অজয়ের বালি চুরি করে খাবে, তা হতে দেবে না। তোমরা সরে যাও, আমাকে যেন সরাতে না হয়। না হলে তোমরা সোজা পথে হাঁটো”।
এখানেই শেষ নয়। এদিনের সভা থেকে তিনি আরও বলেন, “যদি কেউ ভাবেন, কারও হাত ধরে পঞ্চায়েতে টিকিট পাব, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। যে সৎপথে চলবে এবং গ্রামের মানুষ যাকে ঠিক করবেন তিনিই টিকিট পাবেন। আর এই অঞ্চল কমিটির মধ্যে যদি কেউ ভাবে আমি অঞ্চল কমিটি হয়ে গিয়েছি, আমি তির মেরে দিয়েছি। আমি নেতা হয়ে গেলাম। তাহলে তিনিও মূর্খে স্বর্গে বাস করছেন। আপনাকে দল থেকে বের করতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনাকে কাজ করে মানুষের পাশে থাকতে হবে”।
প্রসঙ্গত, কিছুদিন আগেই বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কাজল শেখকে বীরভূম তৃণমূলের কোর কমিটির সদস্য করেছেন তিনি। এরপর থেকেই নানান সময় নানান বিষয়ে বিতর্কিত মন্তব্য করছেন কাজল শেখ। যার ফলে দলকে বেশ অস্বস্তিতে পড়তে হচ্ছে বৈ কী! তবে এমন কাজ তিনি কী সত্যিই দলকে শুদ্ধ করতে করছেন নাকি নিজেকে লাইমলাইটে রাখার জন্য, এখন সেটাই প্রশ্ন।





