‘দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়, আসন্ন নির্বাচনে হিংসা বরদাস্ত করা হবে না’, রাজভবনে একান্ত বৈঠকে সুকান্তকে আশ্বস্ত করলেন রাজ্যপাল

বিধানসভায় বাজেট অধিবেশনে (Assembly Budget Session) রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) বক্তৃতার সময় ওয়াক আউট করেছিল বিজেপি (BJP)। সেই বিতর্কের মাঝেই এবার আজ, শনিবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তাঁর দাবী, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নেবেন বলেই জানিয়েছেন রাজ্যপাল। কিন্তু এই দাবী মানতে নারাজ তৃণমূল (TMC)। তাদের দাবী, বিধানসভার ঘটনার জন্য রাজ্যপালের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলেন সুকান্ত।

আজ, শনিবার সকাল ১০টা ১৮ মিনিট নাগাদ রাজভবনে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি। এর মিনিট সাতেক পর ১০টা ২৫ মিনিট নাগাদ দু’পক্ষের মধ্যে বৈঠক শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে চলে এই বৈঠক। এরপর রাজভবনের সামনে দাঁড়িয়ে সুকান্ত আলোচ্য বিষয় নিয়ে কথা বলেন।

সুকান্ত জানান যে রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে দু’জনের কথা হয়েছে। দুর্নীতিগ্রস্তদের সঙ্গে কোনও আপস নয় বলেই রাজ্যপাল সুকান্তকে আশ্বাস দেন। রাজ্যপাল নাকি তাঁকে এও জানিয়েছেন যে বাংলার রাজনীতিতে হিংসা জায়গা করে নিয়েছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হিংসা বরদাস্ত নয় বলেও সুকান্তকে সাফ জানান রাজ্যের সাংবিধানিক প্রধান।

এদিন রাজভবনের সামনে দাঁড়িয়ে সিএএ নিয়ে কথা বলেন সুকান্ত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “সিএএ হবেই। তা মুখ্যমন্ত্রীও বুঝতে পেরেছেন। তাই সিএএ থেকে এনআরসিতে চলে এসেছেন”।

সামনেই পঞ্চায়েত নির্বাচন। এর আগে নিজেদের শক্তি বাড়াতে উদ্যত শাসক-বিরোধী, উভয়ই। এরই মধ্যে ভাঙন ধরেছে বিজেপিতে। সদ্যই তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল। আবার গতকাল, শুক্রবার আলিপুরদুয়ারের এক সভা থেকে শুভেন্দু অধিকারীও দাবী করেন যে অনেক তৃণমূল নেতারাই নাকি তাঁর সঙ্গে যোগাযোগ করছেন। এই প্রসঙ্গে সুকান্তর দাবী, “কোনও পচা আলু নেব না। পরিষ্কার, স্বচ্ছ ভাবমূর্তির হলে তিনি স্বাগত”।

অন্যদিকে আবার সুকান্ত মজুমদার ও রাজ্যপালের মধ্যেকার এই বৈঠক নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের দাবী বিধানসভায় রাজ্যপালকে বিজেপি যেভাবে অপমান করেছিল, তার জন্য ক্ষমা চাইতেই রাজভবনে গিয়েছেন সুকান্ত মজুমদার।

https://twitter.com/KunalGhoshAgain/status/1624299653134172161?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1624299653134172161%7Ctwgr%5Ef687e8d82373763b351ef74ef1eef234242b26ad%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fkolkata%2Fbjp-state-president-sukanta-majumdar-meets-with-wb-guv-c-v-ananada-bose%2F

এই প্রসঙ্গে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইট করে লেখেন, “রাজভবনে ক্ষমা চাইতে গেছিলেন সুকান্ত মজুমদার। বিধানসভায় শুভেন্দুর নেতৃত্বে রাজ্যপালকে যে অপমানের চেষ্টা হয়েছে, তার জন্য মার্জনা চেয়েছেন তিনি। সেটা ঢাকতে পরে অবান্তর কিছু কথা বলেছেন মিডিয়াকে। সুকান্ত রাজভবনের পিআরও সাজতে চেয়েছেন”।

RELATED Articles