শিক্ষক নিয়োগ দুর্নীতি (teacher recruitment scam) নিয়ে এখন রাজ্য ও রাজনীতি উত্তাল। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই অনেকের চাকরি গিয়েছে। গতকাল, শুক্রবারই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Avijit Ganguly) নির্দেশে গ্রুপ ডি-তে ১,৯১১ চাকরি বাতিল হয়েছে। অন্যদিকে আবার গতকাল ২০২২ সালের টেট পরীক্ষার (2022 TET Exam) ফলাফল প্রকাশিত হয়েছে। ফলে এবার অনেকেই চাকরি পাবেন বলে আশা করা হচ্ছে। এই নিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
আজ, শনিবার ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়ে একাধিক ইস্যু নিয়ে কথা বলেন দিলীপ ঘোষ। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, “শুদ্ধিকরণের প্রক্রিয়া চলছে। আগামী দিনে আরও কয়েক হাজার লোক চাকরি পাবেন। এরা টাকা দিতে পারেনি বলে এতদিন চাকরি পায়নি। সরকারি অফিসে লোক কমে গিয়েছে, সেই কারণে কাজের চাপ বেড়ে গিয়েছে। যারা আছে, তাদের একটা বড় অংশ দুয়ারে সরকার, লক্ষীর ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পের কাজে আটকে গিয়েছেন। মানুষ সরকারি পরিষেবা পাচ্ছে না”।
মেদিনীপুরের সাংসদের কথায়, “আদালত যা শুরু করেছে, এমন চললে আরও অনেকে টাকা পাবেন। রাজ্যে একটা বিচিত্র পরিবেশ তৈরি হয়েছে। খুবই অনভিপ্রেত ঘটনা। শিক্ষামন্ত্রী বলছেন, যারা টাকা দিয়েছেন এবং নিয়েছেন, তারা বুঝে নেবেন। তাহলে আপনি কী করছেন? দায়িত্ব তো আপনাদের। লোক গুলোর নাম লিস্টে ছিল না। তারা চাকরি পেয়ে গেল কীভাবে”?
শহরে পরপর তিনদিন তিন জায়গা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। বালিগঞ্জ, গড়িয়াহাটের পর গতকাল বড়বাজার থেকেও উদ্ধার হয়েছে বান্ডিল বান্ডিল টাকা। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “আরও অনেক টাকা পাওয়া যাবে। বহু জায়গায় বহু টাকা লুকোনো আছে। তদন্ত এগোচ্ছে। পাওয়া যাচ্ছে। এরপর শহরের রাস্তায় টাকা পড়ে থাকতে দেখা যাবে। শ’য়ে শ’য়ে কোটি লুঠ হয়েছে। যেখানে হাত দিচ্ছে, সেখানে টাকা”।
সামনেই পঞ্চায়েত নির্বাচন,। একুশের বিধানসভা নির্বাচনের আগে দলবদলের হিড়িক পড়েছিল। অনেক তাবড় তাবড় তৃণমূল নেতা যোগ দিয়েছিলেন বিজেপিতে। তবে পরবর্তীতে আবার তারা তৃণমূলে ফিরে যায়। পঞ্চায়েত নির্বাচনে কী তৃণমূল নেতা-কর্মীদের দলে নেওয়া হবে? এই প্রসঙ্গে বিজেপি সাংসদের জবাব, “আসা যাওয়া চলতেই থাকে। কাকে নিলে কী হবে, সেটা স্থানীয় স্তরে ঠিক হবে। তাঁদের ভাবমূর্তি দেখতে হবে। দু’রকম ব্যাপার হতে পারে। এক, যারা টিকিট পায়নি, তারা আসতে চাইবে। দুই, বদনাম হয়ে গেছে, তারা আসতে চাইবে। দল বিবেচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে”।





