বাংলাদেশের অশান্তির জেরে বাংলায় মহার্ঘ্য পদ্মার ইলিশ, কমল ইলিশের জোগান, খাদ্যপ্রেমিকদের মাথায় হাত!

শ্রাবণ মাস প্রায় শেষের পথে। গোটা আষাঢ় মাস জুড়ে সেভাবে বৃষ্টি না হওয়ার কারণে ইলিশও তেমন ভালো মেলেনি। তবে শ্রাবণ মাস পড়তেই বেশ ইলিশ পাতে পড়ছিল খাদ্যরসিক বাঙালিদের। কিন্তু এবার এতেও এল বাধা। বাংলায় জোগান কমেছে পদ্মার ইলিশের। আর এর জেরে বাজারেও ঘাটতি ইলিশের।

বাংলাদেশে অশান্তি এখনও থামে নি। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল ওপার বাংলা। সেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন। কিন্তু তাও এখনও সে দেশে অব্যাহত হিংসা। আজ, বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে বাংলাদেশে।

অশান্ত পরিস্থিতির জেরে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ। পেট্রাপোলে বাণিজ্য এতদিন বন্ধ থাকলেও, আজ তা খুলেছে। বেশ কিছুদিন পর ভারত-সীমান্তে ট্রাক চলাচল করলেও ইলিশের জোগান তেমন নেই। পদ্মার ইলিশ ঢুকছে না সেভাবে। আর এর জেরে বাজারেও মিলছে না পদ্মার ইলিশ।    

এমনিই পদ্মার ইলিশ খেতে গেলে পকেট বেশ ভারীই রাখতে হয় বাঙালিকে। আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরে টান পড়েছে রুপোলি শস্যে। আর এর জেরে দামও বাড়ছে হু হু করে। সীমান্ত লাগোয়া বাজারে সাধারণত ১ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১২০০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়। কিন্তু এখন সেই ইলিশই বিক্রি হচ্ছে ২০০০ টাকা প্রতি কেজি দরে।   

ব্যবসায়ীরা বলছেন, “প্রতি বছর জুলাই-আগস্ট মাসে পদ্মার ইলিশ বাজারে পাওয়া যায়। দাম তুলনামূলক একটু বেশি হলেও ক্রেতার অভাব হত না। এখন জোগান কম। তাই দাম বাড়ছে হু হু করে”। এই দাম বাড়ার জেরে ইচ্ছে থাকলেও আর ইলিশ খেয়ে ওঠা হচ্ছে না খাদ্যরসিকদের।

RELATED Articles