Ssc : ২৫ হাজারের বেশি চাকরি বাতিলের পর ফের ধাক্কা! এসএসসি দুর্নীতিতে নতুন নির্দেশ শীর্ষ আদালতের !

সরকারি চাকরি মানেই মধ্যবিত্ত বাঙালির স্বপ্নপূরণ। রাত জেগে পড়া, কোচিং-এর চাপ, আর পরিবারের অগাধ প্রত্যাশা—এসব নিয়েই এক-একজন পরীক্ষার্থী পৌঁছন এসএসসি পরীক্ষার হলে। কিন্তু, যখন সেই স্বপ্নপূরণের পথে বাঁধা হয়ে দাঁড়ায় দুর্নীতি, তখন শুধু চাকরি নয়, ভেঙে পড়ে আত্মবিশ্বাসও। পশ্চিমবঙ্গের হাজার হাজার প্রার্থী ঠিক এই পরিস্থিতির মুখে পড়েছেন, ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে।

২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে অনেকেই এখন বেকার। কেউ কেউ চাকরিতে ঢুকে পড়েছিলেন, আবার অনেকে প্রক্রিয়ায় অংশ নিয়েও বাদ পড়েছেন। আদালতের একের পর এক নির্দেশে কখনও চাকরি রেখে কাজ চালিয়ে যাওয়ার ছাড়, তো কখনও পুরো প্যানেলই বাতিল। এই সব ঘটনার মধ্যেই একরাশ অনিশ্চয়তা ঘিরে ধরেছে হাজার হাজার চাকরিপ্রার্থী ও তাঁদের পরিবারকে।

কলকাতা হাইকোর্টের রায়ের ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশনের পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রায় ২৫,৭৩৫ জনের চাকরি বাতিল হয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায়, যোগ্য ও অযোগ্যদের মধ্যে সঠিক বিভাজন করতে না পারার কারণেই পুরো প্যানেল খারিজ। তবে, রাজ্যের অনুরোধে আদালত জানিয়েছিল, নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চাকরিহারারা আপাতত কাজ চালিয়ে যেতে পারবেন।

চলতি মামলার শুনানিতে বুধবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিলেন, যাঁরা ‘র‌্যাঙ্ক জাম্প’ করে অর্থাৎ যোগ্যতা অনুযায়ী নয়, অন্য কারচুপি করে চাকরি পেয়েছেন, তাঁরা পরবর্তী পরীক্ষাতেও বসতে পারবেন না। তাঁদের ‘অযোগ্য’ হিসেবেই গণ্য করা হবে। ফলে তাঁদের জন্য কোনও পুনরায় সুযোগ থাকবে না। আদালতের এই পর্যবেক্ষণ আগামী নিয়োগ প্রক্রিয়ার দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

আরও পড়ুনঃ National Herald case : কংগ্রেসের তহবিল থেকে কি টাকা ঢুকছে গান্ধী পরিবারের পকেটে? ১৪২ কোটির দুর্নীতিতে ইডি-র নিশানায় সোনিয়া-রাহুল!

শীর্ষ আদালতের এই রায়ের জেরে ফের একবার উত্তেজনা ছড়িয়েছে চাকরিহারাদের মধ্যে। অনেকেই দাবি করছেন, রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। কারণ তাঁদের অভিযোগ, দুর্নীতির দায় যাঁদের, তাঁদের শাস্তি হয়নি, বরং বহু যোগ্য শিক্ষকও চাকরি হারিয়েছেন। এখন দেখার বিষয়, এই নির্দেশের পর রাজ্য সরকার কী পদক্ষেপ নেয় এবং চাকরিহারারা পরবর্তী আইনি পথে হাঁটেন কি না।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles