রামনবমীর সন্ধ্যেয় হাওড়ার শিবপুরে অশান্তির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, আনিস খান কাণ্ড, বগটুইয়ের ঘটনা, সাগরদিঘি উপনির্বাচনের ফলাফল দেখে সংখ্যালঘু ভোট হাতছাড়া হওয়ার ভয় পাচ্ছেন মমতা। সেই কারণেই তিনি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ তাঁর।
রামনবমীর সন্ধ্যেয় হাওড়ার শিবপুরে ঘটে অশান্তি। দোকানপাট ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এই নিয়ে গোটা বাংলা এখন উত্তাল। এক পক্ষ অপর পক্ষকে দাগতে ছাড়ছে না। এমন আবহে এবার এই ঘটনার নেপথ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে দাবী করলেন শুভেন্দু অধিকারী।
অন্যদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার জন্য কটাক্ষ শানিয়েছেন বিজেপিকে। তাঁর দাবী, খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্’র সঙ্গে বসে নাকি এই হিংসার ঘটনার ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছিল। তবে বিজেপির পাল্টা দাবী, সংখ্যালঘু ভোট যাতে হাতছাড়া না হয়, সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ই এই ঘটনা ঘটিয়েছেন।
শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক করে বলেন, “বগটুইয়ের ঘটনা, আনিস খান কাণ্ড, এবং সাগরদিঘির ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে সংখ্যালঘু ভোট তাঁর হাত থেকে বেরিয়ে যাচ্ছে। যে ভোট তিনি NRC’র ভয় দেখিয়ে পেয়েছিলেন, সেই ভোট ফিরে পেতে পুলিশকে নিস্ক্রিয় করে তৃণমূলের স্থানীয় কাউন্সিলরের স্বামীকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছেন তিনি”।
শুভেন্দুর আরও অভিযোগ, মুখ্যমন্ত্রী মিথ্যাচার করছেন। মিছিলের রুট বদল হয়নি। এমনকি, পুলিশমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবীও করেছেন তিনি। তাঁর আরও দাবী, এই হাওড়া কাণ্ডে যারা যারা এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন, তারা সকলে নিরীহ।





