নানান সময় নানান বিষয় নিয়ে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এবার ফের এক বিস্ফোরক টুইট করলেন তিনি। তাঁর দাবী, মিড ডে মিলের (Mid Day Meals) জন্য বরাদ্দ টাকাতেই জেলা সফর করছেন মুখ্যমন্ত্রী। এর পাল্টা দিয়েছে তৃণমূলও।
গতকাল, বৃহস্পতিবার বেশ কয়েকটি নথির ছবি টুইট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি দাবী করেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হিঙ্গলগঞ্জ সফরের জন্য নাকি মিড ডে মিলের কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য খাত অর্থাৎ এসসি, ওবিসি, এসটি খাতের টাকাও মুখ্যমন্ত্রীর সফরে ব্যয় হচ্ছে বলে অভিযোগ জানান শুভেন্দু।
শুভেন্দুর এই অভিযোগের পাল্টা দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “প্রত্যেককটা সফরই কোনও না কোনও বিশেষ খাত থেকে খরচ করা হয়। একটা সময় শুভেন্দুও মন্ত্রী ছিলেন। তিনিও হেলিকপ্টারে সফর করেছেন। ফলে কোথা থেকে খরচ হয়, তা ওনার জানা উচিত”।
শুধু কুণালই নন, শুভেন্দুর এহেন দাবী নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন জয়প্রকাশ মজুমদারও। তিনি প্রশ্ন রাখেন যে প্রধানমন্ত্রীর সফরের খরচ কোথা থেকে আসে।





